নির্যাতনের শিকার ছাত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে বখাটের হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রী। মেয়েটি এখন অচেতন অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ অভিযোগ পেয়ে বখাটে রিপন মিয়াকে (৩৫) ধরার জন্য বৃহস্পতিবার ওই গ্রামে একাধিকবার অভিযান চালিয়েছে। স্কুলছাত্রীর পরিবার জানায়, বৃহস্পতিবার মেয়েটি পাতা কুড়াতে বাড়ির কাছের ভুট্টাখেতের পাশে যায়। সে সময় রিপন মিয়া মেয়েটিকে ভুট্টাখেতের ভেতরে নিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। মেয়েটি একপর্যায়ে অচেতন হয়ে পড়ে। রিপন তাকে খেতের ভেতরে রেখে পালিয়ে যায়।
চেতনা ফিরলে মেয়েটির কান্না শুনতে পেয়ে পাশের গ্রামের এক পথচারি মেয়েটির পরিবারের লোকজনকে খবর দেন। সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তার মা ও চাচি। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটির খিঁচুনি শুরু হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত মেয়েটির চেতনা ফেরেনি। ওই এলাকার ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। রিপনকে খুঁজে বের করতে লোক লাগিয়েছি।’