নির্যাতনের শিকার ছাত্রীর পাশে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে সহায়তায় এগিয়ে এসেছে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে দেখতে সদর হাসপাতালে যান। এ সময় তিনি তার বাবাকে পাঁচ হাজার টাকা দেওয়ার এবং তার চিকিৎসার সব খরচ মেটানোর আশ্বাস দেন।
এর আগে সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, সদর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন ওই ছাত্রীর খোঁজ নিতে সদর হাসপাতালে যান।
ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা গতকাল দুপুরে হয়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তপন কান্তি সরকার জানান, দু-তিন দিনের মধ্যে পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ছাত্রীর বাবা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন, ধর্ষণের ঘটনায় জড়িত তরুণের পরিবারের সদস্যরা তাঁকে ও তাঁর মেয়েকে মুঠোফোনে হাসপাতাল থেকে তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা বলেন, সকালে ঘুম থেকে উঠে পত্রিকা দেখে ওই ছাত্রীকে নির্যাতন করার সংবাদটি নজরে আসে। অফিসে গিয়ে তিনি বিষয়টি জেলা প্রশাসক নূরুল ইসলামকে জানান। পরে তাঁর নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেয়েটির চিকিৎসা, আইনি সহায়তা ও লেখাপড়ার দায়িত্ব নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক রবিউল আলম জানান, পলাশ মণ্ডল ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে গেছে। পলাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মঙ্গলবার রাতে কোনাবাড়ীর পলাশ মণ্ডল ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।