নির্যাতনের শিকার নারীর বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে কলহের জেরে বসার লোহার টুল দিয়ে জাহানারা বেগম নামে এক নারীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনার পর তাঁর মেয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন। ১৮ দিনেও সেটি মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। তবে প্রতিপক্ষের অভিযোগের ভিত্তিতে জাহানারার বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। জাহানারাকে থানায় হাজির হতেও বলা হয়।
জাহানারা বেগম সাভারের দেওগাঁও গ্রামের শরীফ হোসেনের স্ত্রী। তিনি স্থানীয় একটি সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে দিনমজুরের কাজ করেন। শরীফ মাছ বিক্রি করেন।
জাহানারা বেগম বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে তিনি সাভার পৌর এলাকার চাপাইন মহল্লায় তাঁর ভাই কফুর বাসায় যান। সেখানে যাওয়ার পর আগের কলহের জের ধরে ভাতিজি লাভলী আক্তার ও লাভলীর স্বামী অপুর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাভলী তাঁকে মারধর করেন এবং অপু লোহার টুল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। টুলের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। পরে লাভলীর পরিবারের লোকজন তাঁকে শিমুলতলা এলাকায় সাভার আধুনিক হাসপাতালে রেখে চলে যান।
জাহানারার মেয়ে আমেনা আক্তার বলেন, খবর পেয়ে ঘটনার দিন রাতে তাঁরা সাভার আধুনিক হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাঁর মাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরদিন তিনি (আমেনা) সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জমান উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলামকে বিষয়টি তদন্ত করে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।
আমেনা আক্তার বলেন, থানায় অভিযোগ করার পর গতকাল পর্যন্ত তা মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এসআই আনোয়ারুল ঘটনাস্থলেও যাননি। তাঁদের সঙ্গে যোগাযোগও করেননি তিনি। উল্টো লোক মারফত তাঁদের মীমাংসার প্রস্তাব দিচ্ছেেন।
শরীফ হোসেন বলেন, তাঁর স্ত্রীর (জাহানারা) বিরুদ্ধে লাভলী ২৮ সেপ্টেম্বর থানায় মিথ্যা অভিযোগ করলে তা জিডি হিসেবে নেওয়া হয়। ওই জিডির ভিত্তিতে এসআই এ কে এম ফজলুল হক ২ অক্টোবর তাঁর স্ত্রীকে থানায় হাজির হতে নোটিশ দেন । পরে ওসির হস্তক্ষেপে তাঁর স্ত্রীকে আর থানায় যেতে হয়নি।
জাহানারার বিরুদ্ধে জিডি প্রসঙ্গে এসআই ফজলুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে জিডি হয়েছে। উভয় পক্ষের কথা শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যই জাহানারাকে থানায় তলব করা হয়েছিল। গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে এসআই আনোয়ারুল বলেন, হামলার শিকার ওই রোগীর বিষয়ে প্রতিবেদন চেয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবেদন করা হয়েছে। চিকিৎসা সনদ বা প্রতিবেদন পাওয়ার পর তার ওপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে থানা থেকে ওই রোগীর (জাহানারা) চিকিৎসা সনদ বা প্রতিবেদন চেয়ে কোনো আবেদন পাওয়া যায়নি বলে গতকাল নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের এক কর্মকর্তা বলেন, মাথায় আঘাত নিয়ে জাহানারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ক্ষতস্থানে বেশ কয়েকটি সেলাইও দিতে হয়েছিল।
এক প্রশ্নের জবাবে এসআই আনোয়ারুল ইসলাম বলেন, ‘ডাক্তারি সার্টিফিকেট না পেলে আমি কিসের ভিত্তিতে ওসিকে বুঝিয়ে মামলা রেকর্ডভুক্ত করব?’ মীমাংসার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।