নির্যাতনের শিকার নারীরা একেবারে বাধ্য না হলে আইনি সহায়তা নিতে যান না। যাঁরা এ ধরনের সহায়তা পেতে চান তাঁরাও পর্যাপ্ত সহায়তা পান না। এই নারীদের সার্বিক সহায়তার জন্য ‘প্রটেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট অব উইমেন রাইটস’ শীর্ষক প্রকল্পের আওতায় একটি সফটওয়্যার (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) তৈরি করা হবে।
গতকাল বুধবার নগরের সিরডাপ মিলনায়তনে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৬ সাল পর্যন্ত ঢাকার ১০টিসহ মোট ৪৪টি থানায় এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
এ প্রকল্পে কী কী আছে, কার কী করণীয় তা নিয়ে দিনব্যাপী সরকারি, বেসরকারি এবং দাতা সংস্থার প্রতিনিধিদের নিয়ে কর্মশালারও আয়োজন করা হয়।
প্রকল্পে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, থানায় আগত নারীদের সুবিচার নিশ্চিত করতে থানায় নারী হেল্প ডেস্ক চালু করা হবে। নির্যাতনের ঘটনাগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সফটওয়্যার তৈরি করা হবে। এ সফটওয়্যারের মাধ্যমে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশের প্রধান কার্যালয় এবং থানাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হবে। এতে করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
গতকাল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ নারীর অধিকার আদায়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা পি ম্যাটাভেল পিচিন বলেন, এ প্রকল্পের আওতায় পুলিশদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে করে তারা আগের তুলনায় ভালোভাবে নির্যাতনের শিকার নারীকে আইনি সহায়তা দিতে পারবে।
নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে পুলিশের ভূমিকা ও প্রতিবন্ধকতা নিয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার শামীমা বেগম এবং জেন্ডার সংবেদনশীলতা ও আইনি সুপারিশমালা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।