নির্যাতনের শিকার নারীরাই চালাবেন ক্যাফে জয়িতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণে গতকাল মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ক্যাফে জয়িতার কার্যক্রম উদ্বোধন করেন
ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণে গতকাল মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ক্যাফে জয়িতার কার্যক্রম উদ্বোধন করেন

লিঙ্গভিত্তিক বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার নারীদের উদ্ধার করার পরও অনেক সময় পরিবার বা সমাজ সেই নারীকে গ্রহণ করতে চায় না। এ ধরনের নারীদের পুনর্বাসনে সহায়তা করবে ‘ক্যাফে জয়িতা’। এর মাধ্যমে ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে নারীরা সমাজে প্রতিষ্ঠা পাবেন।
গতকাল মঙ্গলবার নগরের ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ক্যাফে জয়িতার কার্যক্রম। এই কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ।
প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ বলেন, নির্যাতনের শিকার নারীর সংখ্যা আর যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায়, সেই উদ্দেশ্যে কাজ করতে হবে। একইভাবে নারী নির্যাতন প্রতিরোধে নারীদেরও স্বাবলম্বী হতে হবে। অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হতে হবে।
মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশ মিশনপ্রধান শরৎ দাস।
অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের সমঝোতা চুক্তির আওতায় এ ধরনের ক্যাফে পরিচালনা করবেন লিঙ্গভিত্তিক বিভিন্ন নির্যাতনের শিকার নারীরা। এ ক্যাফে থেকে যে লভ্যাংশ পাওয়া যাবে, তাও ব্যয় করা হবে ওই নারীদের কল্যাণেই।
ফলে এই নারীদের আর কোনো পুনর্বাসন বা আশ্রয় কেন্দ্রে থাকতে হবে না। এর উদ্দেশ্য হচ্ছে, নির্যাতনের শিকার নারীদের ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে ব্যবসায়িক প্রশিক্ষণের মাধ্যমে খাদ্য বিপণনে জড়িত করে স্বাবলম্বী করা।
ক্যাফে পরিচালনা এবং নারীদের স্বাবলম্বী করতে তাঁদের খাবার প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশনের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। অভিবাসন সংস্থা নারীদের প্রশিক্ষণ এবং ক্যাফে পরিচালনার বিষয়টি দেখভাল করবে। মন্ত্রণালয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাফে স্থাপনে সার্বিক সহযোগিতা করবে। ভবিষ্যতে ক্যাফে জয়িতাকে একটি ব্র্যান্ড ইমেজ হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রথম বছর ঢাকা শহরে বিভিন্ন সরকারি, বেসরকারি করপোরেট অফিসে ন্যূনতম পক্ষে ১০টি ক্যাফে চালু করা হবে। এ অভিজ্ঞতার আলোকে পরে দেশের বিভিন্ন স্থানে ক্যাফে চালু করে নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা হবে। বিজ্ঞপ্তি।