নির্যাতনের শিকার নৈশপ্রহরীর আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির অপবাদ দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মো. আলম নামের এক নৈশপ্রহরীকে গত সোমবার রাতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করতে গিয়েও ফিরে আসে। পরে অপমান সইতে না পেরে আলম গলায় চাকু দিয়ে পোচ দেন। পরদিন তিনি হাসপাতালে মারা যান।
আলমের বাড়ি হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামে। এ ঘটনায় তাঁর স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গত মঙ্গলবার রাতে বাজারের চার ব্যবসায়ীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা করেছেন। আসামিরা হলেন বাজারের জোনাকি শপিং সেন্টারের মালিক প্রাণকৃষ্ণ সাহা, তাঁর দুই ভাই জীবনকৃষ্ণ সাহা, হরেকৃষ্ণ সাহা ও ভগ্নিপতি গণেশ সাহা।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে হাজীগঞ্জ বাজারের রয়াল রওশন বিপণিবিতানের জোনাকি শপিং সেন্টারে চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার রাত নয়টার দিকে ওই বিপণিবিতানের রাজকন্যা ক্লথ স্টোরে সালিস বসে। এতে জোনাকি শপিং সেন্টারের মালিক ও বাজারের অন্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সালিসে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করতে আলমকে চাপ দেওয়া হয়। একপর্যায়ে তাঁর ওপর শারীরিক নির্যাতন করা হয়। এতে তিনি চুরির কথা স্বীকার করতে বাধ্য হন। এ অপমান সইতে না পেরে আলম সালিসের ঘটনাস্থল থেকে একটু দূরে গিয়ে গলায় চাকু দিয়ে আঘাত করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সকালে আলম মারা যান।
আলমের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে বাজারে আবার সালিস হয়। সালিসে আলমের পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর বিনিময়ে মামলা প্রত্যাহারে বাদীকে প্রস্তাব দেওয়া হয়।
তবে আলমের মেয়ে রুমি আক্তার বলেন, ‘বুধবারের ওই সালিসে মামলার আসামি প্রাণকৃষ্ণ সাহাসহ কয়েকজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। আমরা দু-তিন লাখ টাকায় আপস করব না। আমার তিনটি ছোট ভাই আছে। আমার ভাইদের ভবিষ্যৎ দায়িত্ব নিলে মীমাংসায় যাব।’
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, যেসব ধারায় মামলা হয়েছে, তা আপসযোগ্য নয়।