নির্যাতনের শিকার বোনকে রক্ষা করতে গিয়ে আহত
যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করেন স্বামী ও দেবর। এ ঘটনার প্রতিবাদ করতে যাওয়ায় ওই গৃহবধূর ভাইকে তাঁরা পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম কুয়াকাটা গ্রামে গত মঙ্গলবার পুলিশের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ছগির গাজী (২৮)। তাঁর বাড়ি পশ্চিম কুয়াকাটা গ্রামে। তাঁকে মঙ্গলবারই কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছগির গাজী অভিযোগ করেন, ২০০৭ সালে পশ্চিম কুয়াকাটা গ্রামের বেল্লাল মৃধার সঙ্গে তাঁর বোন খাদিজা বেগমের বিয়ে হয়। কয়েক দিন আগে খাদিজার দেবর মোজামেঞ্চল মৃধা বিয়ে করেন। বিয়েতে কনেপক্ষ যৌতুক দেয়।
বেল্লাল মৃধা ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যৌতুক পাওয়ার কথা তুলে খাদিজাকে মারধর করেন। জানতে পেরে তিনি কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে সোমবার অভিযোগ করেন।
মঙ্গলবার সহকারী উপপরিদর্শক (এএসআই) আহমেদ কবির তাঁকে নিয়ে ঘটনাস্থলে যান। তাঁর উপস্থিতিতেই বেল্লাল ও মোজাম্মেল তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন ছগির গাজী।
এএসআই আহমেদ কবির জানান, ছগির গাজীকে মারধর করার সময় তিনি একটু দূরে ছিলেন। পরে তিনি সেখানে গেলে বেল্লাল ও মোজাম্মেল পালিয়ে যান। তিনি তাঁদের স্বজনদের বকাঝকা করেন।