নির্যাতনের শিকার মা ও মেয়ে এখন হাসপাতালে
নওগাঁর বদলগাছিতে ইউপি চেয়ারম্যানের নির্মম নির্যাতনের শিকার মা ও মেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত রোববার রাতে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ওয়ার্ডের ২৬ নম্বর শয্যায় সোনাভান ও তাঁর মেয়ে চম্পা পারভিন ১৮ নম্বর শয্যায় চিকিৎসাধীন।
গতকাল সোমবার দুপুরে বদলগাছি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা অলি আহাম্মদ চৌধুরী নির্যাতনের শিকার মা-মেয়েকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় মা-মেয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে নির্যাতনের বর্ণনা দেন। ইউপি চেয়ারম্যানের লোকজন হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলেও তাঁরা উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন।
মোস্তফা অলি আহাম্মদ চৌধুরী বলেন, ‘আমার একজন সহকর্মী কীভাবে এ রকম নির্যাতন করতে পারেন, তা ভেবে পাচ্ছি না। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে লজ্জিত ও মর্মাহত। ইউপি চেয়ারম্যানের লোকজন নির্যাতিত মা-মেয়েকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে তাঁরা আমাকে বলেছেন। তবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না বলে তাঁদের আশ্বস্ত করেছি।’
বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাশেদুল হক গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মা ও মেয়ের চিকিৎসা চলছে। তাঁদের ব্যথানাশক ওষুধ দেওয়া হচ্ছে।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মা ও মেয়েকে নির্যাতনের ঘটনায় এখনো মামলা হয়নি।
নির্যাতনের শিকার মা সোনাভান বলেন, ‘আমরা নির্যাতনের বিচার চাই।’
গত শনিবার বদলগাছি উপজেলার মাহমুদপুর গ্রামে একটি সালিসি বৈঠকে মথুরাপুর ইউপির চেয়ারম্যান আবদুর রহমান মা-মেয়েকে লাঠিপেটা করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘মা-মেয়েকে পিটিয়ে গাছে বেঁধে রাখলেন চেয়ারম্যান’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।