নির্যাতনের শিকার রাহিমার খোঁজ নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্ত্রী ও তাঁর স্বামী ইশতিয়াক আকন্দের অমানবিক নির্যাতনের শিকার রাহিমার (১০) খোঁজ নিয়েছে নেত্রকোনার কেন্দুয়া থানার পুলিশ। বর্তমানে রাহিমা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কেন্দুয়ার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ গত শুক্রবার হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নেয়। অভিযুক্ত ইশতিয়াকের গ্রামের বাড়ি কেন্দুয়ার মজলিশপুরে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘অমানবিক নির্যাতনের শিকার হয়ে শিশুটি হাসপাতালে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল মোমেনের নজরে আসে। বৃহস্পতিবার রাতেই তিনি উপজেলার পেমই পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরতদের মেয়েটির ব্যাপারে খোঁজ নেওয়ার নির্দেশ দেন। শুক্রবার সকালে ওই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এমদাদুল বাশার হাসপাতালে যান। তিনি নির্যাতিত রাহিমার চিকিৎসার খোঁজ নেন এবং নির্যাতনের বিবরণ শোনেন। তিনি আলামত হিসেবে রাহিমার শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্নের একাধিক ছবিও তোলেন। সেই সঙ্গে রাহিমার মা নেহেরা খাতুন ও মামা আল আমিনের সঙ্গে কথা বলে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

জানতে চাইলে এমদাদুল বাশার বলেন, নির্যাতনের শিকার শিশুটির বর্তমান অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই সঙ্গে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বসবাসকারী ইশতিয়াকের বাসার পূর্ণাঙ্গ ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।

এ ব্যাপারে মো. আবদুল মোমেন বলেন, ঘটনাস্থল গাজীপুর জেলার আওতায় হওয়ায় সেখানেই মামলা করতে নির্যাতিত শিশুটির অভিভাবককে পরামর্শ দেওয়া হয়েছে।