নির্যাতনের শিকার রুমা কাতরাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর নির্যাতনের শিকার রুমা নামের এক গৃহবধূ গর্ভের নয় মাসের সন্তান নিয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে জরুরিভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু হতদরিদ্র মা-বাবার পক্ষে তা সম্ভব হচ্ছে না।গতকাল বুধবার হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পেটসহ শরীরের বিভিন্ন স্থানের আঘাতের ব্যথা নিয়ে চিৎকার করছেন রুমা। পাশেই কাঁদছেন মা এলেজা বেগম। তিনি বলেন, ‘তিন দিন ধরে হাসপাতালে আছি। কিন্তু দিন যতই যাচ্ছে ততই রুমার অবস্থা খারাপের দিকে যাচ্ছে।’ রুমা বেগম জানান, উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে তিনি। প্রায় নয় বছর আগে তাঁর বিয়ে হয় একই গ্রামের রাজ্জাকের সঙ্গে। তাঁর মেয়ে রিয়া মণির বয়স এখন পাঁচ বছর। বিয়ের সময় অনেক কষ্টে রুমার বাবা দেলোয়ার হোসেন যৌতুক হিসেবে ২০ হাজার টাকা দেন। কিন্তু কিছুদিন যেতে না-যেতে আরও ২০ হাজার টাকা দাবি করেন রাজ্জাক। গরিব মা-বাবা টাকা দিতে না পারায় নির্যাতনের খড়ক নেমে আসে তাঁর ওপর।এ নিয়ে গ্রাম্য মাতবরেরা সালিস-বৈঠকে বসে উভয় পরিবারকে নিয়ে মীমাংসাও করে দিয়েছেন অনেকবার। এই অবস্থায় আবারও অন্তঃসত্ত্বা হন রুমা বেগম। কিছুদিন থেকে তাঁর স্বামী ওই ২০ হাজার টাকা আনার জন্য মারধর শুরু করেন। গত সোমবার বাড়ি থেকে রুমাকে বের হয়ে যেতে বলেন রাজ্জাক। তিনি যেতে না চাইলে শুরু হয় নির্যাতন। এ সময় রাজ্জাকের লাঠির আঘাতে গুরুতর আহত হন। খবর পেয়ে রুমার পরিবার তাৎক্ষণিকভাবে তাঁকে নিয়ে হাসপাতালে ভর্তি করে।হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রমজান আলী জানান, রুমার গর্ভের সন্তানের সর্বশেষ অবস্থা জেনে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। তাই রংপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রুমার বাবা দেলোয়ার হোসেন জানান, অন্যের বাড়িতে মজুরি দিয়ে তাঁর সংসার চলে। এ অবস্থায় মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তিনি। সেই সঙ্গে জামাতার অব্যাহত হুমকিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন। এ ব্যাপারে রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। হাতীবান্ধা থানার পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে গতকাল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।