নির্যাতনের শিকার, শিরিনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালাকপ্রাপ্ত স্বামীর নির্মম নির্যাতনের শিকার বগুড়ার আদমদীঘির কলেজছাত্রী শিরিন আক্তার আট মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চলে গেলেন না-ফেরার দেশে। গত সোমবার ভোরে উপজেলার মুরুইল বাজার এলাকায় তিনি বাবার বাড়িতে মারা যান।
শিরিনের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ডুমুরি গ্রামের শিরিন আক্তারের সঙ্গে প্রায় দুই বছর আগে উপজেলা সদরের তালশন গ্রামের আবদুল করিমের ছেলে সোহেল ইবনে করিমের (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহেল যৌতুকের দাবিতে তাঁকে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। একপর্যায়ে শিরিন বাবার বাড়িতে চলে আসেন এবং ২০১২ সালের ১৮ আগস্ট স্বামীকে তালাক দেন। এর পর থেকে তিনি বাবার বাড়িতে থেকে আদমদীঘি সদরের রহিম উদ্দিন ডিগ্রি কলেজে পড়াশোনা চালিয়ে আসছিলেন। তিনি ওই কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
একই বছরের ১৩ ডিসেম্বর বিকেলে সোহেল একদল সন্ত্রাসী নিয়ে শিরিনের বাবার বাড়িতে ঢুকে তাঁর দুই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যান। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শিরিনের বাবা বাদী হয়ে সোহেলসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা করেন। পুলিশ সোহেলসহ তিনজনকে গ্রেপ্তার করে।
শিরিনের বাবা আজিজার রহমান জানান, শিরিনের চিকিৎসার জন্য বগুড়া ও ঢাকার বিভিন্ন হাসপাতালে তাঁকে নিয়ে মাসের পর মাস ছুটেছেন। তাঁর চিকিৎসার জন্য জমিজমা বিক্রি করে তিনি এখন সর্বস্বান্ত। টাকার অভাবে বাধ্য হয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। বেশ কিছুদিন থেকে শিরিন বাকরুদ্ধ হয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আসামিদের বিরুদ্ধে করা আগের মামলাটি এখন হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হবে।