নির্যাতনের শিকার শিশু জান্নাতুলের মাথায় অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নয় বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের মাথায় আজ মঙ্গলবার অস্ত্রোপচার হয়েছে। গাজীপুরের জয়দেবপুরে এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয় সে।

চাঁদপুরের হাইমচরে জান্নাতুলের বাড়ি। গরম ইস্তিরি দিয়ে জান্নাতুলের মাথায় ছ্যাঁকা দেওয়ার ফলে তার মাথার তালুতে অনেকটা জায়গাজুড়ে ঘা ছিল। শুধু মাথা নয়, সারা শরীরে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার ফলে ওর শরীরে ছিল অসংখ্য পোড়া দাগ। জান্নাতুলের বাড়ি যেতে মন চাইত। গৃহকর্তা ওমর ফারুক ও তাঁর স্ত্রী মণি বেগমের কাছে এ নিয়ে আবদার করত। আর এই আবদারের ‘অপরাধে’ তাকে নির্যাতন করা হয় বলে জানায় জান্নাতুলের পরিবার।

আজ দুপুরে জান্নাতুলের মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়েছে। জান্নাতুলের মা ফিরোজা বেগম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বড় বড় স্যারেরা অপারেশন করছে। ওর জ্ঞান ফিরছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন জান্নাতুলের মাথায় অস্ত্রোপচার করেছেন। তিনি বলেন, বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালামসহ মোট চারজন চিকিৎসক উপস্থিত থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী ১০ দিনের মধ্যেই শিশুটি ভালো হয়ে যাবে।

চিকিৎসক নাসির উদ্দিন বলেন, জান্নাতুলের মাথার মাঝখানে চামড়াসহ কিছু জায়গার মাংস নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচার না করলে সংক্রমণে তার হাড় নষ্ট হয়ে যেত। ভবিষ্যতে আর চুল গজাত না। তিনি বলেন, মাথার খুলি থেকে চামড়া আলাদা করে পুরো অস্ত্রোপচার করতে প্রায় ঘণ্টা খানিক সময় লাগে। আশা করা হচ্ছে, ছয় মাস পর শিশুটির মাথায় গভীর ক্ষত ছিল তা আর বোঝারই উপায় থাকবে না।

নির্যাতনের শিকার জান্নাতুলকে গত ১৫ সেপ্টেম্বর প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ১ অক্টোবর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রথম আলো ট্রাস্ট তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করছে। এ ছাড়া চিকিৎসা শেষে পুনর্বাসন ও আইনি পরামর্শ দিয়ে প্রয়োজনীয় সহায়তা করবে ট্রাস্ট।

জান্নাতুলের মা ফিরোজা বেগম ঘটনার বর্ণনা দিয়ে জানান, তাঁর খালাতো ভাই মোস্তফা সরদার এক বছর আগে জান্নাতুলকে তাঁর ভায়রা গাজীপুরের ওমর ফারুক-মণি বেগম দম্পতির বাসায় নিয়ে যান। প্রচণ্ড মারধর ও নির্যাতনের শিকার হলে ঈদুল আজহার পরদিন মোস্তফা সরদার তাকে গাজীপুরের ওই বাড়ি থেকে হাইমচরে নিয়ে যান।
ঘটনার পর জান্নাতুলের প্রতিবেশী শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে ওমর ফারুক, মনি বেগম ও মোস্তফা সরদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। জয়দেবপুর থানার এ মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুল হক প্রথম আলোকে বলেন, মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।