নির্যাতনের শিকার সাংবাদিকদের খোঁজ নিলেন তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নির্যাতনের শিকার কয়েকজন সাংবাদিকের সঙ্গে গতকাল শুক্রবার মুঠোফোনে কথা বলেছেন। মন্ত্রী তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সমবেদনা জানান। পাশাপাশি নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সহযোগিতার আশ্বাস দেন।এ ছাড়া তথ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথকে ফোন করে তাঁর খোঁজ নেন। প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি মঞ্জুর রহমান, ইনকিলাব-এর সাটুরিয়া উপজেলা প্রতিনিধি সোহেল রানা এবং ভোরের ডাক-এর একই উপজেলা প্রতিনিধি মোতালেব হোসেন গত বৃহস্পতিবার সাটুরিয়ায় তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রভাবশালী মহলের নির্যাতনের শিকার হন। এ ঘটনার খবর গতকাল প্রথম আলোয় প্রকাশিত হয়। গতকাল সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, তথ্যমন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং অপরাধীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়াসহ নির্যাতনের শিকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।