নির্যাতনের হাত থেকে বাঁচতে গিয়ে নোংরা রাজনীতির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে বাসে পেট্রলবোমা হামলার শিকার আহত যাত্রী রেহানা পারভীন (২১) মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার ভোরে মারা যান ওই বাসের যাত্রী আশুলিয়ার এজিজ টেক্সটাইলের মহাব্যবস্থাপক রতন কুমার সাহা।
রেহানা পারভীন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তাড়াইল গ্রামের লুৎফর রহমানের মেয়ে। বছর তিনেক আগে একই উপজেলার ঝাটিগ্রামের সবুর খানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে রেহানা স্বামীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
গতকাল রাতে হাসপাতালে গেলে রেহানার বড় বোন শাওন খানম বিলাপ করে বলছিলেন, ‘কী রিপোর্ট লেখবেন ভাই, রিপোর্ট লেইখা তো আমার বোনকে আর ফেরত দিতে পারবেন না। স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতে গিয়ে নোংরা রাজনীতির শিকার হয়ে ও (রেহানা) লাশ হয়ে ঘরে ফিরল।’
সাভার মডেল থানার পুলিশ ও রেহানার পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রেহানাকে নির্যাতন করে আসছিলেন সবুর। রেহানার সুখের কথা চিন্তা করে পরিবারের সদস্যরা দফায় দফায় সবুরকে দেড় লাখ টাকা দেন। এর পর আরও টাকার জন্য মারধর করা হতো। সবুরের নির্যাতনের হাত থেকে বাঁচাতে রেহানাকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। সিদ্ধান্ত অনুযায়ী, ভাই নজরুল ২ ডিসেম্বর রেহানার পলাশবাড়ীর বাসায় যান। ওই দিনই সন্ধ্যায় বোনকে নিয়ে নজরুল বাসে করে রাজধানীর বাংলামোটরের বাসায় ফিরছিলেন।
নজরুল জানান, রেহানাকে নিয়ে তিনি নবীনগর থেকে গাবতলীগামী একটি বাসে ওঠেন। চালকের আসন থেকে দুই আসন পরে একই আসনে বসেন তাঁরা। রাত সাড়ে আটটার দিকে বাসটি সাভারের জোড়পোল এলাকায় পৌঁছার পরপরই যাত্রীরা আগুন আগুন করে চিৎকার করতে থাকেন। এ সময় বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে তাঁরা উভয়েই সড়কের ওপর পড়ে যান। এরপর আর কিছু মনে নেই তাঁর।
এনাম মেডিকেলের চিকিৎসকেরা জানান, মাথায় আঘাতজনিত কারণে রেহানা মারা গেছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বোমা হামলা শিকার হয়ে বাস থেকে নামতে গিয়ে রেহানা আঘাত পান। সেই আঘাতের কারণেই তিনি মারা গেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।