নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন
আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ ও লাহন্তি ফাউন্ডেশন।
আদিবাসীদের হত্যা-ধর্ষণ, ভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদে কয়েক শ নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। তাঁদের অনেকে চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল, গোমস্তাপুর এবং রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলা থেকে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শহীদ সাটু হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, সদর উপজেলার টংপাড়ায় শত বছর ধরে বাস করা ৩০টি আদিবাসী পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করছে ভূমিদস্যুরা। তারা গ্রামে হামলা চালাচ্ছে এবং আদিবাসীদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে গ্রামের আদিবাসীরা।
বক্তারা এ সময় আতাহার গ্রামে এক আদিবাসী নারীকে ধর্ষণের এবং রাজশাহীর তানোরে আদিবাসী ছাত্রনেতা বাবলু হেমব্রমকে হত্যার প্রতিবাদ জানান। মানববন্ধন থেকে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সুবিন মুন্ডা, প্রেসিডিয়াম সদস্য অনীল মারান্ডি, লাহন্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বঙ্গপাল সর্দার, আদিবাসী নেত্রী কুটিলা রাজোয়ার, করুনা রাজোয়ার, সিপিবির নেতা ইসরাঈল সেন্টু প্রমুখ। মানববন্ধন শেষে মিছিল নিয়ে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।