
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সদস্যরা গতকাল রোববার নির্যাতিত আদিবাসী নেত্রীকে দেখতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যান। পরে নেত্রীকে সঙ্গে নিয়ে জেলার গোমস্তাপুরে সংহতি সমাবেশে হাজির হন। নির্যাতিত নেত্রীকে নিজ সম্পত্তিতে পুনর্বাসন ও অপরাধীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্যাতিত নেত্রীর বক্তব্য দিয়েই শুরু হয় সমাবেশ। এ সময় কান্নাজড়িত কণ্ঠে আদিবাসী নেত্রী বলেন, ‘আদিবাসী হওয়াই কি আমাদের অপরাধ? এ দেশে কি আমাদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার নেই? ’৭১-এ কি আমরা রক্ত দিইনি?’ সংসদীয় ককাসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমতলের আদিবাসীদের ওপর নির্যাতন যাতে বন্ধ হয় সে ব্যবস্থা করুন। কমিশন গঠন করে আমাদের জমিজমা রক্ষা করুন। আমাদের সুষ্ঠুভাবে বাঁচতে দিন।’ এ সময় স্লোগানে স্লোগানে ফেটে পড়েন আদিবাসী নারী-পুরুষেরা।
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংসদ এ কে এম ফজলুল হক, হাজেরা সুলতানা, নাজমুল হক প্রধান ও ইয়াসিন আলী। আরও বক্তব্য দেন ককাসের কারিগরি কমিটির সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সভাপতিমণ্ডলীর সদস্য অরিন মারান্ডি প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ককাসের কারিগরি কমিটির সদস্য জান্নাতে ফেরদৌসী।
সমাবেশে ফজলে হোসেন বলেন, ‘আমরা আদিবাসী নেত্রীকে কেবল বাড়িতেই রেখে গেলাম না। আমরা প্রতিজ্ঞাও রেখে গেলাম। ভূমিদস্যুদের বিরুদ্ধে আদিবাসী নেত্রীর লড়াই-সংগ্রামের সঙ্গে আমরাও থাকব।’ তিনি উপস্থিত মানুষকে উদ্দেশ্য বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, এই আদিবাসী নেত্রীকে সম্মান দেবেন, তাঁর পাশে থাকবেন।’
ফজলুল হক বলেন, যাঁরা এই নেত্রীর ওপর নির্যাতন চালিয়েছেন তাঁরা মানুষ না।
হাজেরা সুলতানা বলেন, ‘এই নেত্রীর মধ্যে আমরা এই প্রজন্মের ইলা মিত্রকে খুঁজে পেয়েছি। আমরা তাঁর লড়াই-সংগ্রামে পাশে থাকব।’ নাজমুল হক প্রধান ও ইয়াসিন আলীও আন্দোলন-সংগ্রামে সমতলের আদিবাসীদের পাশে থাকার অঙ্গীকার করেন। সমাবেশ শেষে নির্যাতিত নেত্রীকে সাংসদরা বাড়ি পৌঁছে দেন।
৪ আগস্ট জমিতে ধানের চারা লাগানোর সময় ওই নেত্রী হামলার শিকার হন।