নির্যাতিত ও পরাজিত হয়ে জীবন দিলেন আওয়ামী লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের দিন বিজিবির সদস্যদের প্রহারে গুরুতর আহত আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সরদার নিয়ামত হোসেন (৫৬) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত মেয়াদে তিনি সরকারি দলের সমর্থক হিসেবেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ ও ২০০৯ সালে বিপুল ভোটের ব্যবধানে ওই এলাকা থেকে সাংসদ নির্বাচিত হন। তাঁর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন চার মেয়াদে ওই এলাকার সাংসদ। ওই এলাকার তিন নেতা মারা যাওয়ার পর ফকিরহাটে আওয়ামী লীগের সর্বশেষ জনপ্রিয় নেতা ছিলেন সরদার নিয়ামত।
বছর খানেক আগে ফকিরহাট সদর ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান জাহিদ হাসান দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন। তারও আগে হত্যা করা হয় জনপ্রিয় নেতা ও চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান কালিদাস বড়ালকে। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খোকন হূদেরাগে মারা গেছেন বলা হলেও তা নিয়ে রহস্য রয়েছে। মাঠপর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি করে উঠে আসা এই চার নেতার মৃত্যুতে ফকিরহাটে আওয়ামী লীগ কার্যত অভিভাবকশূন্য হয়ে গেল। এক-চতুর্থাংশ সংখ্যালঘু-অধ্যুষিত ওই উপজেলায় গত ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
নিয়ামত সরদারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল বেলা ১১টা থেকে ফকিরহাট-ঢাকা-মাওয়া সড়কের চৌরাস্তা মোড়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এক ঘণ্টা পর প্রশাসন উপযুক্ত বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। এই মৃত্যুকে হত্যাকাণ্ড অভিহিত করে এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ বিকেলে বিক্ষোভ এবং আজ বুধবার উপজেলায় আধা বেলা হরতাল ডেকেছে।
২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে সাতশৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্বাহী হাকিম মো. আরিফুল ইসলামের নির্দেশে নিয়ামত সরদারকে আটক ও বেদম প্রহার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে তাঁর শরীর ক্ষতবিক্ষত করেন। ম্যাজিস্ট্রেট আরিফুলের নির্দেশে বিজিবির সদস্যরা তাঁকে চিকিৎসা না দিয়ে ফকিরহাট চৌরাস্তায় দেড় ঘণ্টা পিকআপ ভ্যানে ফেলে রাখেন। ওই ম্যাজিস্ট্রেট নিজেও বিজিবির পিকআপে উঠে তাঁকে প্রহার করেন বলে প্রত্যক্ষদর্শী অনেকেই ওই দিন সাংবাদিকদের জানিয়েছিলেন।
ওই ঘটনায় গুরুতর আহত নিয়ামতকে প্রথমে থানায় নেওয়া হয়। দুপুরে তাঁকে ভর্তি করা হয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে ১২ মার্চ খুলনার একটি বেসরকারি ক্লিনিকে এবং ১৫ মার্চ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।
নিয়ামত সরদারকে প্রহার ও আটকের ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীর প্রতিবাদের মুখে সাতশৈয়া কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশন ১০ মার্চ ওই কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা করে। হাসপাতালে চিকিৎসাধীন নিয়ামত সরদার ১০ মার্চ সকালে হাসপাতালের লবিতে সংবাদ সম্মেলন করে শারীরিক অসুস্থতা ও তাঁর ওপর হামলার বিচারের দাবিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি সংখ্যালঘু ভোটার-অধ্যুষিত ফকিরহাট কাজী আজহার আলী কলেজ কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করেন।
এসব দাবি আমলে না নিয়ে স্থগিত একটি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা এর অভিনব প্রতিবাদ করেন। সেদিন ওই কেন্দ্রের তিন হাজার ৪৩টি ভোটের মধ্যে মাত্র ৩৮টি ভোট পড়ে। নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থী শরিফুল কালামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
২৭ ফেব্রুয়ারির ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাতশৈয়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, ওই দিন বেলা ১১টার দিকে ভোটকেন্দ্র থেকে দূরে রাস্তার ওপর আওয়ামী লীগের কিছু কর্মী ও গ্রামের সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিজিবির একটি টহল দল ও নির্বাহী হাকিম (আরিফুল ইসলাম) সেখানে আসেন। জটলা দেখে তাঁরা আকস্মিকভাবে গ্রামবাসীর ওপর লাঠিপেটা শুরু করেন। আওয়ামী লীগের কর্মী আসাদুজ্জামান জামাল ও আজমল এর প্রতিবাদ করলে বিজিবির সদস্যরা তাঁদের বেদম প্রহার করে মাটিতে শুইয়ে রাখেন। খবর পেয়ে চেয়ারম্যান প্রার্থী সরদার নিয়ামত হোসেন সেখানে যান। বাগিবতণ্ডার একপর্যায়ে নির্বাহী হাকিমের নির্দেশে বিজিবির সদস্যরা সরদার নিয়ামত হোসেনকে এলোপাতাড়ি মারধর করেন। গ্রামবাসী উত্তেজিত হয়ে উঠলে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে।
একজন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নির্বাচনে প্রার্থী হওয়া সত্ত্বেও এ ঘটনার বিচার হয়নি। শেখ হেলালের নির্বাচনী এলাকায় এ ধরনের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মনোবল হারিয়ে ফেলেন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উল্টো নিয়ামত সরদারকে আসামি করে ঘটনার রাতেই ফকিরহাট থানায় মামলা করেন নির্বাহী হাকিম আরিফুল ইসলাম। ওই ম্যাজিস্ট্রেটকে ছুটি দেন জেলা প্রশাসক। পরবর্তী সময়ে সমালোচনার মুখে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী জানান, ২৭ ফেব্রুয়ারির ঘটনার বিষয়ে নির্বাচন কমিশন ও জনপ্রশাসন বিভাগকে জানানো হয়েছে।
ফকিরহাটের প্রবীণ শিক্ষাবিদ এবং সরদার নিয়ামতের শিক্ষক ম ব আলাউদ্দিন গতকাল আবেগাপ্লুত হয়ে জানান, চোখের সামনে যেসব নেতা তৈরি হয়েছিলেন, তাঁরা একে একে চলে গেলেন। এলাকার এই শূন্যতা পূরণ হবে না।
সরদার নিয়ামত হোসেন ১৯৭৭-৭৮ সালে ফকিরহাট আজাহার আলী কলেজের প্রথম ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের উপজেলা ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা সরদার আক্কাস, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
গতকাল বঙ্গবন্ধু মেডিকেলে সাংসদ শেখ হেলাল নিয়ামত হোসেনের মরদেহ দেখতে যান। এ সময় নিয়ামতের স্ত্রী আসমা তাঁর স্বামীর শরীরের ক্ষতগুলো সাংসদকে দেখান। মেয়ে রূপা বাবার হত্যার বিচার দাবি করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকালই মরদেহ ফকিরহাটে তাঁর গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।