নির্যাতিত গৃহকর্মী তাজিনের পাশে পুলিশ সুপার
লালমনিরহাটের নির্যাতিত গৃহকর্মী তাজিন আক্তারের (৯) পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। তাজিনের চিকিৎসাসহ অন্যান্য খরচ মেটাতে পুলিশ সুপার গতকাল মঙ্গলবার তাজিনের মা আয়েশা বেগমকে ব্যক্তিগতভাবে ২০ হাজার টাকা দেন।
পুলিশ সুপারের কার্যালয়ে তাজিনকে নিয়ে তার পরিবারের সদস্যরা মোজাহিদুল ইসলামের সঙ্গে দেখা করতে আসেন। পুলিশ সুপার এ সময় তাজিনের শারীরিক খোঁজখবর নেন।
তাজিনের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, তাজিন জেলার পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পূর্ব জগৎবেড় এলাকার বাসিন্দা। বাবা ইউসুফ আলী বাক্প্রতিবন্ধী। মা আয়েশা বেগম কষ্ট করে সংসার চালান। আয়েশা পরিবারের চাহিদা মেটাতে ২০১৫ সালে তাজিনকে ঢাকায় গৃহকর্মীর কাজ করতে পাঠান। তাজিনের মা বলেন, তাজিন ঢাকার উত্তরায় নিলুফা ইয়াসমিনের বাসায় কাজ করত। প্রথম প্রথম প্রায়ই মুঠোফোনে মেয়ের খোঁজখবর নিতেন তিনি। কিন্তু এক-দুই মাস যেতে না যেতেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাঁর মেয়ের ওপর নির্যাতন চালাতে থাকেন নিলুফার ও তাঁর স্বামী মোস্তাফিজুর রহমান।
আয়েশা বলেন, তাজিনের তলপেটসহ গোটা শরীরে আঘাতের চিহ্ন। তার মাথার চুল ফেলে দেওয়া হয়েছে। গরম পানি ও গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হতো তাজিনের শরীরে। নিলুফার ও মোস্তাফিজুরের অত্যাচারে তাজিন অসুস্থ হয়ে গেলে তিনি (মোস্তাফিজুর) তাঁর লোক দিয়ে তাজিনকে হাতীবান্ধা উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। তাঁকে (তাজিনের মা) জানায়নি। পরে তিনি লোকমুখে শুনে তাজিনকে উদ্ধার করেন। তাজিন এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় আয়েশা বাদী হয়ে থানায় নিলুফার, মোস্তাফিজুর ও নিলুফারের মা ছালেহা খাতুনকে আসামি করে মামলা করেছেন। কিন্তু পুলিশ এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ সুপার মোজাহিদুল বলেন, তাজিনকে যাঁরা নির্মমভাবে নির্যাতন করেছেন, তাঁদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী, তাজিনের মামা শফিকুল ইসলাম, পাটগ্রামের কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক প্রমুখ।