নির্যাতিত গৃহবধূ চার দিন ধরে হাসপাতালে
নির্যাতনের শিকার হয়ে চার দিন ধরে মাগুরা সদর হাসপাতালের বারান্দায় যন্ত্রণায় কাতরাচ্ছেন গৃহবধূ আম্বিয়া খাতুন (৩৪)। তিনি মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের মোজাম মোল্লার মেয়ে। গৃহবধূ আম্বিয়া খাতুনের সঙ্গে কথা বলে জানা যায়, ১২ বছর আগে ঝিনাইদহের লাউদিয়া গ্রামের ওসমান মোল্লার ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর স্বামী পেশায় নির্মাণশ্রমিক। বিয়ের পর তাঁরা মাগুরা শহরে বাসা ভাড়া করে থাকতেন। তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে রফিকুল প্রায়ই তাঁকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলতেন। প্রথম দিকে বেশ কিছু টাকা এনে দেওয়া হয়। কিন্তু দিন দিন তাঁর উচ্ছৃঙ্খলতা বাড়তে থাকে। টাকার জন্য মাঝেমধ্যেই ঝগড়া বাধিয়ে গায়ে হাত তুলতেন।দুই বছর আগে রফিকুল হঠাৎ করে তাঁদের ফেলে উধাও হয়ে যান। তখন নিরুপায় হয়ে বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ শুরু করেন। গত শনিবার রাতে হঠাৎ করে রফিকুল এসে হাজির হন। এসে টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে লাঠি দিয়ে বেদম মারধর করেন। এতে লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে যায়। ছেলে এগিয়ে এলে সেও আহত হয়। প্রতিবেশীরা এগিয়ে এলে রফিকুল পালিয়ে যান। পরে তাঁরা তাঁকে ও তাঁর ছেলেকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক শফিউর রহমান বলেন, আম্বিয়া খাতুনের মাথার আঘাত গুরুতর ছিল। কিন্তু এখন তিনি বিপদমুক্ত। তবে তাঁর সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।যোগাযোগ করা হলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আম্বিয়া খাতুন নামে কোনো গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন বলে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।