নির্যাতিত গৃহবধূর মামলা না নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট থানার পুলিশের বিরুদ্ধে উপজেলার নাটুয়ামহাল আমপাড়ায় শ্বশুরবাড়িতে নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ শেফালী রানী বর্মণের (৪০) মামলা না নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। থানায় দেওয়া এজাহার সূত্রে জানা যায়, ১০ আগস্ট দুপুরে শাশুড়ির জন্য খাবার আনতে দেরি হওয়ায় শাশুড়ি শান্তি বর্মণী চুলের মুঠি ধরে কিল ঘুষি মারতে থাকেন। পরে ভাশুর ধরনী চন্দ্র লোহার তারকাঁটা যুক্ত বাঁশের লাঠি দিয়ে শেফালীর কোমর ও ঊরুতে আঘাত করেন। শেফালীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে।খবর পেয়ে শেফালীর বাবা লঙ্কেশ্বর বর্মণ ১২ আগস্ট সেখানে গিয়ে জামাতা কেশব চন্দ্রকে শেফালীর চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। কিন্তু কেশব চন্দ্র পরিবারের সদস্যদের পক্ষ নিয়ে ঘটনার জন্য শেফালীকে দোষারোপ করেন। এরপর লঙ্কেশ্বর ওই দিনই শেফালীকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরদিন হাসপাতালের প্রধান করণিক (নাটুয়ামহাল আমপাড়া গ্রামের মাতব্বর) রমাকান্ত মোহন্তের কুপ্ররোচনা ও ঘুষের বিনিময়ে চিকিৎসা কর্মকর্তা মহিউদ্দিন খন্দকার শেফালীকে ছাড়পত্র দেন। এরপর শেফালী তাঁর বাবার বাড়ি লালমনিরহাটের বাড়াইটারী গ্রামে যান এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি ২৪ আগস্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।এ ঘটনায় লঙ্কেশ্বর বর্মণ শেফালীর স্বামী কেশব চন্দ্র, ভাশুর ধরনী চন্দ্র, জা সোহাগী রানী, রমাকান্ত মোহন্ত, চিকিৎসক মহিউদ্দিন খন্দকারসহ কয়েকজনকে আসামি করে রাজারহাট থানায় ২৫ আগস্ট এজাহার দেন। এদিকে ঘটনার পরদিন রাতে শেফালীর শ্বশুরবাড়িতে সালিসে স্থানীয় মাতব্বর রমাকান্ত মোহন্ত, তরণী চন্দ্রসহ অন্যারা শেফালীর কাছে একটি সাদা কাগজে স্বাক্ষর চান। শেফালী এতে রাজি না হলে তাঁকে ওই মাতব্বরেরা একঘরে করার ঘোষণা দেন।রমাকান্ত মোহন্ত বলেন, সালিসের সিদ্ধান্ত না মানায় শেফালীকে একঘরে করা হয়েছে। চিকিৎসককে প্রভাবিত করে ছাড়পত্রের ব্যবস্থা করার অভিযোগ তিনি অস্বীকার করেন। চিকিৎসক মহিউদ্দিন খন্দকারও অভিযোগ অস্বীকার করে বলেন, শেফালী কিছুটা সুস্থ বোধ করায় তাঁকে ভর্তির পরদিন ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুল ইসলাম এজাহার পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।