হয়রানির আশঙ্কা ও নানা ভয়ভীতির কারণে পুলিশের শরণাপন্ন হয় না অনেক নির্যাতিত নারী ও শিশু। এমন নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা দিতে এবার চট্টগ্রামে চালু হচ্ছে ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’। এ কেন্দ্রের জন্য নতুন ভবনের কাজও শেষ হয়েছে গত মাসে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগরে গত নয় মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে ১৯৫টি। সংশ্লিষ্টদের ধারণা, নির্যাতিত নারী ও শিশুর সংখ্যা এর কয়েক গুণ বেশি। এ পরিস্থিতিতে চট্টগ্রামের নারী ও শিশুদের জন্য আশার আলো হয়ে আসছে ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’।
ঢাকা ও রাঙামাটির পর নতুন এ কেন্দ্র স্থাপন করা হয়েছে চট্টগ্রামের ডবলমুরিং থানার কম্পাউন্ডে। ইউএনডিপির সহায়তায় পুলিশ সংস্কার কর্মসূচির আওতায় এ কেন্দ্র তৈরি করা হয়েছে। নির্যাতিত যেকোনো নারী বা শিশু পাঁচ দিন বিনা খরচে এখানে থাকার সুযোগ পাবে। এ সময়ে তাকে আইনি সহায়তা, কাউন্সেলিং ও স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (সদর) মাসুদ উল হাসান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে এ কেন্দ্র পরিচালিত হবে। এখানে কোনো নির্যাতিত নারী বা শিশু আসার পর এ-সংক্রান্ত মামলা সংশ্লিষ্ট থানায় পাঠানো হলে তা পুলিশ কমিশনারের সরাসরি নির্দেশ হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, অসচ্ছল পরিবারের অনেক নির্যাতিত নারী ও শিশু নানা সমস্যার কারণে পুলিশের দ্বারস্থ হতে পারে না। এ কেন্দ্রের মাধ্যমে তাদের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম হবে।
জানা গেছে, নারী ও শিশুবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে পুলিশের নারী সদস্যদের নিয়োগ দেওয়া হবে এ কেন্দ্রে। একজন সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে ২৪ জন পুলিশ এ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে পরে এ সংখ্যা বাড়ানো হবে।
পুলিশ জানায়, এ কেন্দ্রের একটি হটলাইন থাকবে। যেখানে দিন-রাত ২৪ ঘণ্টা নির্যাতিত নারীরা তাঁদের যেকোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারবেন।
সরেজমিন দেখা যায়, কেন্দ্রের দোতলা ভবনের প্রতি তলায় তিনটি করে কক্ষ রয়েছে। পুলিশ জানায়, এ কেন্দ্রে একই সময়ে কমপক্ষে ১৮ জনকে রেখে সেবা দেওয়া যাবে।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম ছাড়াও রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’ তৈরি হচ্ছে। এর মধ্যে খুলনা ছাড়া বাকিগুলোর কাজ শেষ হয়েছে। একই দিনে নতুন এ চারটি কেন্দ্রের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। এ কারণে চট্টগ্রাম কেন্দ্রের কাজ শেষ হলেও অপেক্ষা করতে হচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (সদর) মাহমুদা বেগম বলেন, নির্যাতিত নারী বা শিশুকে নিরাপত্তাসহ নানা কারণে অনেক সময় থানায় রাখা সম্ভব হয় না। তিনি বলেন, তাদের জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন, তার সবই দেওয়া হবে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রথম ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’ চালু করা হয়। ২০১১ সালে রাঙামাটিতে স্থাপন করা হয় দ্বিতীয় কেন্দ্রটি।