নির্যাতিত নারীর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা ও নির্যাতনের শিকার নারীরা যেন ন্যায়বিচার পান সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে বলেছেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন। তিনি বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা। এর সমাধানে কেবল আইন করলেই চলবে না, সবাইকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘পারিবারিক ও যৌন সহিংসতার শিকার মেয়েদের বিচারের অধিকার’ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান বিচারপতি এ কথা বলেন। ইন্টারন্যাশনাল উইমেন জাজেস অ্যাসোসিয়েশনের (আইএডব্লিউজে) সঙ্গে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ উইমেন জাজেস অ্যাসোসিয়েশন।
প্রধান বিচারপতি বলেন, নারী নির্যাতন বন্ধে শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান দরকার। পরিবার থেকে শুরু করে সমাজ-রাষ্ট্র সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আশার বিষয় হলো, বাংলাদেশে শিক্ষার হার বাড়ছে। নারীর ক্ষমতায়নেও এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশের ইতিহাসের অর্ধেকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী সবাই নারী। পোশাক খাতের ৮০ ভাগ শ্রমিকই এখন নারী।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদার কথা বলা হয়েছে। নারীর প্রতি সহিংসতা বন্ধে আন্তর্জাতিক আইনগুলোতেও বাংলাদেশ স্বাক্ষর করেছে। নারীরা যেন সুবিচার পায় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে বলেন প্রধান বিচারপতি।
এর আগে অনুষ্ঠানের বিশেষ অতিথি বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, সংবিধান নারী-পুরুষকে সমান অধিকার দিলেও অশিক্ষা, দারিদ্র্য বাংলাদেশের নারীদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা। এ দেশে সহিংসতার শিকার একটি মেয়েকে থানা-পুলিশ থেকে শুরু করে সব ক্ষেত্রে সংকট মোকাবিলা করতে হয়। পদে পদে সবাই বোঝানোর চেষ্টা করে মেয়েটাই দায়ী। যৌন নির্যাতনের ক্ষেত্রে মেয়েটিকে কীভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে সেই প্রশিক্ষণ নেই সংশ্লিষ্ট ব্যক্তিদের। তিনি বলেন, নির্যাতিত নারীর বিচার পেতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন আদালত। এ ধরনের কর্মশালা তাতে সহায়ক শক্তি হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ মহিলা জাজেস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুন নাহার ওসমানীসহ সংগঠনের অন্য নেতা এবং আইএডব্লিউজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ জেসমিন আরা বেগম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার জাকির হোসেন ও বাংলাদেশ নারী আইনজীব সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী তাঁদের প্রবন্ধ উপস্থাপন করেন। পরে প্রশ্নোত্তর পর্ব চলে। গতকাল সন্ধ্যায় দিনব্যাপী এই কর্মশালা শেষ হয়।