নির্যাতিত নারীরা নতুন আইনের আশ্রয় নিচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক নির্যাতন প্রতিরোধে আইন হয়েছে আট মাস আগে, কিন্তু আইনের আশ্রয় কেউ নিচ্ছেন না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রচার হয়নি বলে নতুন আইন সম্পর্কে আইনজীবীসহ সাধারণ মানুষের ধারণা নেই। অন্যদিকে বিধিমালার অভাবে আইন প্রয়োগেও আছে সমস্যা। নারী নির্যাতনের ঘটনা থেমে নেই। তবে নির্যাতন অসহনীয় পর্যায় পৌঁছালে বা কোনো দুর্ঘটনা ঘটলে নির্যাতনের শিকার নারী মুখ খোলেন, ঘটনা জানাজানি হয়।আইনজীবী সারা হোসেন প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত পারিবারিক নির্যাতনকে নির্যাতন হিসেবেই মনে করা হচ্ছে না। সন্তান ও সামাজিকতার কথা চিন্তা করে আইনের আশ্রয় নিতে চান না নারীরা। আইন দিয়ে কাজ হবে না। আইনটি প্রয়োগের মনমানসিকতা থাকতে হবে। আইনে কী আছে: পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষার আইনটি গত বছর ১১ অক্টোবর রাষ্ট্রপতি অনুমোদন দেন। পারিবারিক সম্পর্ক আছে—এমন কোনো ব্যক্তির মাধ্যমে কোনো নারী বা শিশু শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের সম্মুখীন হলে এবং আর্থিক ক্ষতি হলে তা পারিবারিক সহিংসতার পর্যায়ে পড়বে বলে আইনে উল্লেখ আছে।মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভয় দেখানো, এমন কোনো কথা বলা যার মাধ্যমে অন্য ব্যক্তির মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা ক্ষতিগ্রন্ত হয়, স্বাভাবিক চলাচল, যোগাযোগ ও ব্যক্তিগত ইচ্ছা বা মত প্রকাশের ওপর হস্তক্ষেপ করলে এ আইনের আশ্রয় নেওয়া যাবে।আইন অনুযায়ী, নির্যাতনের শিকার ব্যক্তিকে বাড়ি ছেড়ে যেতে হবে না। আদালত প্রয়োজন মনে করলে নির্যাতনকারীকেই বাসা থেকে সাময়িকভাবে উচ্ছেদের আদেশ দেবেন। নির্যাতনকারীর অর্থ দিয়েই নির্যাতনের শিকার ব্যক্তি মামলায় লড়তে পারবেন। এ আইনের অধীনে করা অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপসযোগ্য হবে। নির্যাতক সুরক্ষা আদেশের শর্ত না মানলে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আদালত উপযুক্ত মনে করলে প্রতিপক্ষকে শাস্তি না দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজ করার জন্যও আদেশ দিতে পারবেন। বিধি ও প্রচার নেই: বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ফাহিমা নাসরিন প্রথম আলোকে বলেন, সরকার আইন পাস করলেও বিধি প্রকাশ করেনি। ফলে আইনটির প্রয়োগে জটিলতা রয়ে গেছে।তবে একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিধি তৈরির আগেও আইনের আওতায় মামলা করা সম্ভব। সাংসদ তারানা হালিম প্রথম আলোকে বলেন, প্রচার না থাকায় আইনজীবী, পুলিশ ও নির্যাতনের শিকার নারী ও পরিবারের সদস্যরা আইনটি সম্পর্কে তেমন কিছুই জানেন না। ফলে আইনটির সুফল পাওয়া যাচ্ছে না।বাংলাদেশ মহিলা পরিষদের পরিচালক (আইন) আইনজীবী মাকসুদা আখতার প্রথম আলোকে বলেন, বিধি তৈরির আগে আইনের প্রয়োগ করা হলে অপব্যবহারের সুযোগ থাকে। তাই দ্রুত বিধি তৈরি জরুরি।এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলামও প্রথম আলোকে বলেন, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনটির বিধি তৈরির প্রক্রিয়া চলছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আইনজীবী এলিনা খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর দীর্ঘদিন নির্যাতন সহ্য করেছেন। স্বামীর নির্যাতনে দুই চোখের দৃষ্টি হারানোর পর মুখ খুলেছেন। তিনি আগে মুখ খুললে হয়তো নির্যাতনের মাত্রা এ পর্যায়ে যেত না।