জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মো. রুস্তম আলী মোল্লাকে গতকাল বুধবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। জেরায় তিনি বলেছেন, একাত্তরে মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে যাঁদের নির্যাতন করা হতো, তাঁরা বুদ্ধিজীবী ছিলেন বলে তিনি শুনেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রুস্তম আলীকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রুস্তম গত মঙ্গলবার জবানবন্দি দেন।সাক্ষীর বাবা ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (শারীরিক শিক্ষা কলেজ) কোন দায়িত্বে ছিলেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে রুস্তম বলেন, তাঁর বাবা কোন দায়িত্বে ছিলেন তা তিনি জানেন না। তবে নিরাপত্তা বিভাগে কাজ করতেন। সেখানে যাঁদের নির্যাতন করা হতো, তাঁদের কারও নাম বলতে পারবেন—এ প্রশ্নে তিনি বলেন, নির্যাতিত ব্যক্তিদের নাম তিনি বলতে পারবেন না। তবে যাঁদের নির্যাতন করা হতো, তাঁরা বুদ্ধিজীবী বলে তিনি শুনেছেন।জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, রাজনৈতিক কারণে মুজাহিদকে অযোগ্য এবং অগ্রহণযোগ্য করার জন্য সরকারের বিভিন্ন সংস্থার শেখানো মতে সাক্ষী এ মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এ সময় সাক্ষী বলেন, এটা সত্য নয়।জেরা শেষে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।সোলায়মান আলীকে জেরা শেষ: একই ট্রাইব্যুনালে বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মো. সোলায়মান আলী ফকিরকে আসামিপক্ষের জেরা গতকাল শেষ হয়েছে। তাঁকে গতকাল দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।সাক্ষী কোন রাজনৈতিক দলের সমর্থক—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সোলায়মান আলী বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন। তবে আওয়ামী লীগের সমর্থক। জেরার শেষ পর্যায়ে খলিলুর রহমান মত দেন, সাক্ষী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রাষ্ট্রপক্ষের শেখানো মতে সাক্ষ্য দিয়েছেন। এ মতের বিরোধিতা করে সাক্ষী বলেন, এটা ঠিক নয়।পরে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়।