
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বাংলাদেশকে যদি বাংলাদেশ থাকতে হয়, তবে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার শিকার মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে হবে। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল বুধবার ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর আয়োজনে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন। ১৭ ও ১৮ জানুয়ারি দিনাজপুরের কর্ণাই, প্রীতমপাড়া ও তেলিপাড়া এবং ঠাকুরগাঁওয়ের গড়েয়া ও আকচা গ্রাম পরিদর্শন করে অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। গতকালের সংবাদ সম্মেলনে ওই পরিদর্শনে পাওয়া তথ্যের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘যে ধরনের আক্রমণ হয়েছে তার পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে বলে মনে হয়েছে। একটি হলো হিন্দুদের দেশত্যাগে বাধ্য করা, যাতে একটি দলের ভোটব্যাংক ক্ষয় হয়। আরেকটি হলো হিন্দুদের বিষয়সম্পত্তি দখল করা। তিনি বলেন, ‘আইন দিয়ে, পুলিশ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব নয়। এ জন্য মানুষের মনোজগতের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তান আমলে যেমন পাকিস্তানের খোলস ছেড়ে বেরিয়ে আসার জন্য মানুষের মনোজগতের বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ ছিল, তেমনি মানুষের মনে যদি ধর্মনিরপেক্ষতা বোধ কাজ করে, তাহলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব।’ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘একসঙ্গে এত জায়গায় আক্রমণ হয়েছে যেসব জায়গায় লোকবল পাঠানোর অবস্থা প্রশাসনের ছিল না। সেনাবাহিনী হয়তো কোনো হস্তক্ষেপ করতে চায়নি, কিন্তু বিজিবি কেন গাড়ি থেকে নামল না বা এগিয়ে গেল না, এ বিষয়টি বিস্ময়কর লেগেছে।’
আনিসুজ্জামান বলেন, ‘তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। যদি বাংলাদেশকে বাংলাদেশ থাকতে হয়, তবে তাদের মনে আস্থা ফিরিয়ে আনা জরুরি। আমরা তাঁদের বলেছি আপনারা দেশ ছেড়ে যাবেন না, কিন্তু এই যে কথাটা বলতে হচ্ছে সেটাই কষ্টকর। এ কথাটাই বাংলাদেশের মূল ভাবধারার বিরুদ্ধে যাচ্ছে। এ জন্য এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়টিই এখন দেখতে হবে।’
প্রতিনিধিদলের সদস্য আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ওপর এই আক্রমণ শুধু একটি বিশেষ গোষ্ঠীর ওপর হামলা নয়, মুক্তিযুদ্ধের মৌলিক চেতনার ওপর আক্রমণ। এটা শুধু তাঁদের ওপর হামলা নয়, গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষের ওপর হামলা। রাষ্ট্র যদি তাঁদের সুরক্ষা দিতে সক্ষম না হয় সেটা যেমন উদ্বেগের, তেমনি যদি সুরক্ষা দিতে অনীহা থাকে সেটাও সমান উদ্বেগের।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, এ ধরনের সাম্প্রদায়িক হামলায় প্রশাসনের প্রস্তুতি ও সক্ষমতার অভাব প্রতিনিধিদলের চোখে পড়েছে। এ ছাড়া দ্রুত ব্যবস্থা গ্রহণের অভাব ছিল। সাম্প্রদায়িক এসব হামলার গভীরে রয়েছে রাজনীতিতে ধর্মের ব্যবহার।
সাংবাদিক আবেদ খান বলেন, সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ করতে মুক্তিযুদ্ধের সব শক্তিকে একত্র করে জাতীয় কনভেনশনের আয়োজন করা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন পরিদর্শন প্রতিবেদন উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী, উন্নয়নকর্মী জিনাত আরা হক প্রমুখ।