নির্যাতিত মেয়েটিকে আর্থিক সহায়তা দিল পূবালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণচেষ্টার শিকার রংপুরের পীরগঞ্জের সেই স্কুলছাত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য দিয়েছে। গতকাল শুক্রবার সকালে রংপুর শহরের স্থানীয় একটি হোটেলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনে ওই ছাত্রী ও তার বাবার কাছে চেক হস্তান্তর করা হয়।
অনুদান পাওয়ার পর উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে নির্যাতনের শিকার মেয়েটি বলে, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে পারি।’
পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে গত ৬ নভেম্বর প্রতিবেশী একরামুল হক (২২) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে একরামুল পালিয়ে যান। এরপর সে উপজেলার একটি বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) দিয়েছে।
পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে মেয়েটি নিজেই বাদী হয়ে গত ৯ নভেম্বর রোববার একরামুল হককে অভিযুক্ত মামলা করেছে। একরামুল হক পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।