নরসিংদীতে জেলা প্রশাসকের (ডিসি) হাতে নির্যাতনের শিকার শিক্ষকের পাশে এসে দাঁড়িয়েছেন শিক্ষকনেতারা। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহার নেতৃত্বে ১১ সদস্যের একটি দল বেলাব উপজেলার সররাবাদ ধনু মাস্টার উচ্চবিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে তাঁদের সহানুভূতির কথা জানান। শিক্ষকনেতারা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে শিক্ষকদের সঙ্গে সভা করেন। সভা থেকে আগামী বুধবারের মধ্যে ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করা হয়। তা না হলে বিষয়টি শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর নজরে আনা হবে বলে ঘোষণা করেন শিক্ষকনেতারা। সভায় নির্যাতনের শিকার সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া, পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল হকসহ বিদ্যালয়ের সব শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে তেমন কোনো শিক্ষা উপকরণ নেই। তা ছাড়া, এখানকার সমাজব্যবস্থায় বাইরে নিয়ে মেয়েদের খেলানো সম্ভব হয়ে ওঠে না। শরীরচর্চার শিক্ষক মুখে হাসি রেখে জেলা প্রশাসককে এই কথাটিই বোঝাতে চেষ্টা করেছিলেন। এই কারণে তিনি শিক্ষককে ‘তুমি’ সম্বোধন করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। লাঞ্ছিত করেই থেমে থাকেননি, কারণ দর্শানোর নির্দেশ দিয়ে গাড়িতে বসিয়ে রাখেন। তবে এ কথা সত্য, কিছুক্ষণ পর ডিসি ওই শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে আনেন এবং নিজের ভুল বুঝতে পারেন। যাওয়ার সময় আদর করে যান। দুঃখজনক ঘটনা ঘটে বৃহস্পতিবার। এদিন ইউএনও কয়েকজন কর্মকর্তাকে নিয়ে এসে নির্যাতিত শিক্ষককে তিন ঘণ্টা জেরা করেন এবং প্রথম আলোর সংবাদ ভুল মর্মে সই নেন। বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা বলেন, ‘শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ডিসি মহোদয় শিক্ষককে “তুমি” বলে সম্বোধন করার প্রমাণ পেয়েছি।’ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব শিক্ষক সমিতির সভাপতি আ. সালাম, সাধারণ সম্পাদক মাসকুর রহমান, শিক্ষকনেতা আ. ছাত্তার সরকার, নাজমুল কবির, জাহাঙ্গীর কবির, মো. মোস্তফা কামাল, আ. রহমান, মো. ফারুক মিয়া ও মনিরুজ্জামান। ঘটনার জন্য সমবেদনা জানান নরসিংদীর হাজী আবেদ আলী কলেজের অধ্যক্ষ আহমেদ হোসেন ফকির।