নির্যাতিত শিশুকে আর্থিক সহায়তা দিলেন প্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি যেতে চাওয়ার ‘অপরাধে’ অমানবিক নির্যাতনের শিকার চাঁদপুরের নয় বছরের ছোট্ট শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন পল্লবী চৌধুরী নামের এক যুক্তরাষ্ট্রপ্রবাসী।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে শিশু জান্নাতকে দেখতে যান জেলা প্রশাসক। সেখানে তিনি চিকিৎসার খোঁজখবর নেন। তখন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল যুক্তরাষ্ট্রপ্রবাসী পল্লবী চৌধুরীর পাঠানো ২৫ হাজার টাকা জান্নাতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
পাঁচ সন্তান রেখে শিশুটির বাবা অন্যত্র চলে গেছেন। অভাবের তাড়নায় পড়ে মা শিশুটিকে মানুষের বাসায় কাজের জন্য দেন। এক বছর আগে হাইমচরের মোস্তফা সরদার নামের এক ব্যক্তি শিশুটিকে গাজীপুরের জয়দেবপুরে ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় নিয়ে যান। সম্প্রতি শিশুটি বাড়ি যাওয়ার জন্য আবদার করে। এ কারণে শিশুটিকে প্রচণ্ড মারধর ও নির্যাতন করেন তাঁরা।
চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটিকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে একটু সময় লাগবে।
নির্যাতনের ঘটনায় জান্নাতদের প্রতিবেশী চাঁদপুরের হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া জয়দেবপুর থানায় মামলা করেছেন। ওই মামলায় ওমর ফারুক, তাঁর স্ত্রী মনি বেগম ও মোস্তফা সরদারকে আসামি করা হয়েছে। পুলিশ ওমর ফারুক ও মোস্তফা সরদারকে গ্রেপ্তার করলেও মনি বেগম এখনো পলাতক। এ ব্যাপারে হাইমচর থানার ওসি মো. আলমগীর বলেন, ‘আমরা মনি বেগমকে ধরতে সব জায়গায় অভিযান চালাচ্ছি। দ্রুতই সে ধরা পড়বে।’