নির্যাতিত শিশুদের নির্দিষ্ট নম্বরটি টাকার অভাবে চালু হচ্ছে না
এমন একটি টেলিফোন নম্বর থাকা দরকার, যার মাধ্যমে নির্যাতনের শিকার হওয়া শিশুরা বিনা পয়সায় কথা বলে সাহায্য চাইতে পারবে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) এমন দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত বছরের জুলাই মাসে একটি টোল ফ্রি নম্বর (১০৯৮) নির্ধারণ করে দেয়। প্রায় সাত মাস পার হয়ে গেলেও নম্বরটি চালু করতে পারেনি শিশু অধিকার ফোরাম।ফোরাম সূত্র জানায়, নির্যাতিত শিশুদের জরুরি সেবাদানের লক্ষ্যে বিনা মূল্যে টেলিফোনের ব্যবস্থা করতে ২০০৭ সাল থেকে সরকারকে অনুরোধ জানিয়ে আসছে বিএসএএফ। অনুমতি মেলার সাত মাস পরও তা কার্যকর করতে না পারায় ফোরামের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে ফোরামেরই অন্তর্ভুক্ত বেশ কিছু বেসরকারি সংস্থা (এনজিও)।এ প্রসঙ্গে বিএসএএফের পরিচালক মোহাম্মদ কফিলউদ্দিন বলেন, ‘এই সেবা চালু করতে একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রয়োজন। এ জন্য শুরুতেই বড় খরচের প্রয়োজন। সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে প্রয়োজন বেশ কয়েকজন কর্মী নিয়োগ দেওয়া। এসবের আয়োজন করার মতো আর্থিক সক্ষমতা আমাদের নেই।’এক প্রশ্নের জবাবে কফিলউদ্দিন বলেন, ‘সম্ভাব্য টাকার উত্সগুলোতে বিষয়টি জানানো হচ্ছে। আমাদের পাশের দেশগুলোতে এই সেবা সরকারি ব্যবস্থাপনায় হয়। দাতাগোষ্ঠী আগ্রহ না দেখালে সরকারকেই দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হবে।’ তিনি জানান, টোল ফ্রি ওই সেবাটি চালু করতে এরই মধ্যে বেসরকারি একটি মুঠোফোন কোম্পানি সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। এ ক্ষেত্রে অন্য মুঠোফোন কোম্পানিগুলোরও এগিয়ে আসা উচিত। নইলে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ দরকার।অবশ্য বিটিআরসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, ‘সরকারের দিক থেকে এ ধরনের কোনো চিন্তা আছে বলে আমার জানা নেই। শিশু অধিকার ফোরামের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের কাজ আমরা করেছি। বিটিআরসির কাছে কারিগরি সহায়তা চেয়ে ফোরাম প্রস্তাব দিলে সে ক্ষেত্রে কী পদক্ষেপ তাঁরা নেবেন, তা জানতে চাইলে জিয়া আহমেদ বলেন, ‘এখনো বলা যাচ্ছে না। তবে তারা যখন এমন একটি নম্বর চেয়েছিল, তখন থেকে প্রস্তুতি থাকা উচিত ছিল।’ফোরামের সভাপতি ওয়াহিদা বানু বলেন, গত ৫ জানুয়ারি ফোরামের পক্ষ থেকে দেশের প্রতিটি টেলিফোন কোম্পানির কাছে কারিগরি সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়। সরকারের কাছেও বিষয়টি পরিচালনার আবেদন করা হবে।