নির্যাতিত শিশুর সই নিয়ে ইচ্ছেমতো পুলিশের মামলা
মা সন্তানের সুখের আশায় গৃহকর্মীর কাজ নিয়ে গেছেন বিদেশে। এই ফাঁকে ১৩ বছর বয়সী মেয়েকে ‘বেচে’ দেন তার বাবা। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছিলেন।
হাসপাতালের এই সংরক্ষিত ওয়ার্ড থেকে এবার পুলিশ সাদা কাগজে শিশুটির সই নিয়ে তাকে বাদী করে ইচ্ছেমতো মামলা সাজিয়েছে। ফলে যারা শিশুটিকে জোরপূর্বক দেহব্যবসা করাতে দিনের পর দিন নির্যাতন চালিয়েছে তাদের মামলা থেকে রেহাই পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা ও নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম ওসিসিতে দায়িত্বরত একজন পুলিশ কনস্টেবল ও একজন সেবিকার সহায়তায় সাদা কাগজে নির্যাতিত শিশুটির সই নিয়ে ইচ্ছেমতো মামলার এজাহার সাজিয়েছেন।
এ ঘটনা জানাজানি হলে ওসিসিতে দায়িত্বরত পুলিশ কনস্টেবল শাহানা সুলতানা ও সেবিকা নাজিরা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা বলেন, শিশুটিকে নগরের রাজপাড়া থানার টুলটুলিপাড়া এলাকার মালেকা বেগমের বাড়ি থেকে গত ১৯ আগস্ট উদ্ধার করা হয়। পুলিশ শুধু মালেকার বোন ফিরোজা বেগম (৪০) ওরফে কাজল ওরফে রোকেয়াকে গ্রেপ্তার করে। এ নিয়ে গত ২১ আগস্ট ‘মা বিদেশে মেয়েকে ‘বেচে’ দিলেন বাবা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।
শিশুটির বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। উদ্ধারের পর মেয়েটি বলেছে, প্রতিদিন দুই-তিনজন ছেলেকে তার ঘরে পাঠানো হতো। তাকে মালেকা বেগমের বাড়িতে দেড় মাস ধরে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসা করানো হয়েছে।
শিশুটিকে আইনি সহায়তা দানকারী দিল সেতারা অভিযোগ করেন, গত ১ সেপ্টেম্বর ওসিসিতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাদা কাগজে ওই শিশুর সই নিয়ে ফিরোজাকেই মামলার আসামি করে পুলিশ। কয়েক দিন আগে পুলিশ একমাত্র ফিরোজার বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছে। অথচ তাঁরা বাড়ির মালিক মালেকা ও তাঁর মেয়ে আশা খাতুন, মালেকার স্বামী আবদুস সালাম, দালাল আক্কাস আলী, শাহানাজ আক্তার ওরফে মিতু ও ফিরোজার ছেলে রনির এই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন। পুলিশকে এসব তথ্য দেওয়া হয়েছে। অথচ মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষীদের এ ব্যাপারে সাক্ষ্য দিতে নিরুৎসাহিত করেছেন।
রাজিবুল ইসলাম সাদা কাগজে সই নেওয়া ও সাক্ষীদের নিরুৎসাহিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েক দিন আগে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ওসিসির সমন্বয়কারী মাহাবুব আরা সাদা কাগজে ওই শিশুর সই নেওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি জানতে পেরে এক কনস্টেবল ও এক সেবিকাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তাঁরা জবাব দিয়েছেন। এগুলো নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা হচ্ছে। জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী শাখা সূত্র জানায়, গত ২ অক্টোবর শিশুটিকে রাজশাহীর বায়ায় অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।