নির্যাতিত সেই ছাত্রীর বাড়ি ফেরার নিরাপত্তার দাবিতে মানববন্ধন
পুলিশের সামনে সন্ত্রাসীদের হাতে নির্যাতিত এক কলেজছাত্রীর বাড়ি ফেরার নিরাপত্তা ও সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গতকাল শনিবার রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের সামনে নগরের বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত মানববন্ধন পালিত হয়। এ সময় বক্তারা ওই ছাত্রীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার, নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ কর্মকর্তার শাস্তি এবং ছাত্রীর পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও বাড়ি ফেরার নিরাপত্তা দাবি করেন।
স্মারকলিপিতে বলা হয়, গত ১৬ এপ্রিল পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ওই ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তার চাচাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এ সময় তারা গম, মসুর ডাল, গমমাড়াইযন্ত্র, পাঁচটি গরু, ছয়টি ছাগলসহ মোট ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গুরুতর আহত ছাত্রীর বাবা, তিন চাচা ও চাচাতো ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই চার পরিবারের সদস্যরা ভয়ে তাঁদের আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন। ওই দিনই বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত করতে ছাত্রীকে তার নিজ বাড়িতে নিয়ে যায়। কিন্তু বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গে পুলিশের সামনেই সন্ত্রাসীরা ছাত্রীর ওপর অমানবিক নির্যাতন চালায়। পুলিশ তাদের বাধা দেয়নি। এমনকি তাকে উদ্ধারের কোনো চেষ্টাও করেনি। এ ঘটনার পর সন্ত্রাসীরাই উল্টো ওই ছাত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করে। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। বাধ্য হয়ে ঘটনার দুদিন পর তাঁরা আদালতে মামলা করেন।
এর আগে গত ২০ এপ্রিল ওই ছাত্রীর পরিবারের নিরাপত্তা ও সন্ত্রাসীদের শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। ২১ এপ্রিল ওই ছাত্রী রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে নিরাপত্তা ও বিচার চেয়ে একটি আবেদন করে। এ ছাড়া ৪ মে নাটোরে একটি বেসরকারি সংস্থা ও বাংলাদেশ মহিলা পরিষদ মানববন্ধন করে।: