নির্যাতিতদের জন্য ন্যায়বিচার দাবি করে যৌথ বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের শিকার হওয়া মানুষের প্রতি সমর্থনের আন্তর্জাতিক দিবস উপলক্ষে নির্যাতিতদের জন্য ন্যায়বিচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করে গতকাল শুক্রবার একটি যৌথ বিবৃতি দিয়েছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন এগেইনস্ট টর্চার (ওএমসিটি) ও বাংলাদেশে এর সদস্য সংগঠন অধিকার।
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ওই বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ দুই বছর আগে ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩’ পাস করে এবং নির্যাতন নির্মূলের অঙ্গীকার করে। তবু নির্যাতন এবং দায়ী ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার মতো ব্যাপার বাংলাদেশে ব্যাপকভাবে রয়ে গেছে।’
যৌথ বিবৃতিতে নির্যাতনের শিকার অগণিত মানুষ ও তাঁদের পরিবার-পরিজনকে স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
তাঁদের কয়েকজনের নাম ও পরিচিতি ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। তাঁরা হলেন: পাবনা সদর থানায় গত মে মাসে পুলিশ হেফাজতে মারা যাওয়া খায়েরসুটি গ্রামের রিয়াজুল ইসলাম, গত মার্চে পুলিশি রিমান্ডে মারা যাওয়া জাহাঙ্গীর হোসেন, গত জানুয়ারিতে পুলিশি হেফাজতে নির্যাতিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাথাইল চাপার গ্রামের শাপলা খাতুন এবং গত মার্চে ব্যাপক পুলিশি নির্যাতনের শিকার প্রথম আলোর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি মিজানুর রহমান।