২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সদস্যরা কাজ শুরু করেছেন। কমিশনের তিন সদস্য গতকাল রোববার বরিশাল সার্কিট হাউসে তদন্ত শুরু করেন। এ সময় তাঁরা বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, বানারীপাড়া, মুলাদি ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার নির্যাতিত ব্যক্তিদের কাছ থেকে লিখিত জবানবন্দি নেন এবং ছবি সংগ্রহ করেন। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শাহাবুদ্দিন, সদস্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি (অব.) মো. সহিদুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (অব.) মো. মনোয়ার হোসেন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৪০০ নির্যাতিত ব্যক্তির অভিযোগ গ্রহণ করেন।কমিশনের কাছে অভিযোগ জানাতে সকাল নয়টা থেকেই বরিশাল সার্কিট হাউস চত্বরে শত শত নির্যাতিত নারী-পুরুষ জড়ো হন। শুরুতেই ২০০১ সালে গৌরনদীর বিল্লগ্রাম গ্রামে ধর্ষণের শিকার এক নারী (৩০) তাঁর নির্যাতনের ঘটনা বর্ণনা করেন। ওই নারী জানান, তিনি গৌরনদী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি কালীয়া দমন গুহর চালকলে কাজ করতেন। ২০০১ সালে নির্বাচনের পর যুবদলের সন্ত্রাসীরা চাঁদার দাবিতে মিলটি বন্ধ করে দেয়। পরে তিনি মিলটি চালু করতে গেলে ২০০২ সালের ১১ মে সকালে যুবদলের কর্মীরা চালকলে হামলা চালিয়ে লুটপাট করে। এ সময় সন্ত্রাসীরা তাঁকে ধর্ষণ করে। স্থানীয় লোকজন পরে তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। ওই সময় পুলিশ তাঁর জবানবন্দি রেকর্ডসহ ধর্ষণের আলামত উদ্ধার করে। কিন্তু আজ পর্যন্ত তিনি বিচার পাননি। আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি গ্রামের পঙ্গু সঞ্জীব হামাগুড়ি দিয়ে বেলা ১১টার দিকে কমিশনের সামনে হাজির হন। তিনি কমিশনকে জানান, ২০০১ সালে নির্বাচনের পর তাঁর বাড়িতে বিএনপির কর্মীরা হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালায়। পরিবারের নারী ও শিশুসহ তাঁকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে রক্তাক্ত করে। তিনি এলাকা ছেড়ে চলে যাওয়ার পর বিএনপি-জামায়াতের কর্মীরা তাঁর ১২০ শতাংশ দিঘির প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে।তদন্ত কমিশনের কাছে নির্যাতনের অভিযোগ দেন গৌরনদীর ইল্লা গ্রামের প্রণব রঞ্জন, চাদশী গ্রামের কৃষ্ণকান্ত দে, উত্তর চাদশী গ্রামের রিপন বাড়ৈ, গৌরাঙ্গ দাস, হরিপদ বিশ্বাস, মঞ্জু রানী; আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি গ্রামের নারায়ণ চক্রবর্তী, পতিহার গ্রামের নিতাই রঞ্জন, বাকাল গ্রামের সুধির রালা, নলচিড়া গ্রামের অভিজিত্, রাজিহার গ্রামের কমলা রানী রায়। তদন্ত কমিশনের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্তের প্রথম দিনে ৪০০ নির্যাতিত নারী ও পুরুষ উপস্থিত হয়ে তাঁদের অভিযোগ জমা দেন। এখনো তাঁরা অনেক নির্যাতিত ব্যক্তির অভিযোগ গ্রহণ করতে পারেননি। তাই আজ সোমবার সকাল নয়টা থেকে তাঁরা গৌরনদীতে জেলা পরিষদ সার্কিট হাউস ও বিকেলে আগৈলঝাড়া সার্কিট হাউসে অন্য নির্যাতিত ব্যক্তিদের অভিযোগ গ্রহণ করবেন।পটুয়াখালী অফিস জানায়, তদন্ত কমিশনের সদস্যরা কাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পটুয়াখালী সার্কিট হাউসে অভিযোগ গ্রহণ করবেন।