আইন পেশায় যাঁরা আসছেন, তাঁদের সাধারণ মানুষের অধিকার রক্ষার মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেন, মানুষের জন্য ন্যায়বিচার আদায় করা ও নির্যাতিত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর যে মূল্যবোধ, সেটা জিইয়ে রাখতে হবে।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইন পেশাবিষয়ক এক জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে কামাল হোসেন এসব কথা বলেন।
‘ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন: ল ইয়ার সার্ভিং দ্য কমিউনিটি’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট।
সম্মেলনের সমাপনী বক্তব্যে কামাল হোসেন বলেন, ‘এই পেশায় অনেক অসহায়-গরিব মানুষের সেবা করার সুযোগ পাওয়া যায়। সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষকে যদি সেবা দেওয়া না যায়, আমরা যদি শুধু ধনী লোকের সেবা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করি, এই মানসিকতা নিয়ে আইন পেশায় আসা উচিত না।’ এর আগে পাঁচটি সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আইনজীবীরা তাঁদের মতামত দেন। তাঁরা বিভিন্ন এলাকায় সরকারি সহযোগিতায় ‘ল ক্লিনিক’ বাড়ানোর ওপর জোর দেন। দ্বিতীয় সেশনে বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ও সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।