নির্যাতিতদের প্রতি সুবিচার করতে যুদ্ধাপরাধীদের বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধে নির্যাতিত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সুবিচার করতে যুদ্ধাপরাধীদের বিচার হবে। গতকাল শনিবার সকালে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর নতুন গঠিত নারী কমিটির অভিষেক অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, গত ৪০ বছরে যুদ্ধাপরাধীরা ক্ষমতার অংশীদার হয়ে অনেক অর্থবিত্তের মালিক হয়েছে। তারা এখন মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে বিঘ্ন সৃষ্টির জন্য মোটা অঙ্কের টাকা ব্যয় করে বিদেশি মধ্যস্থতাকারী (লবিস্ট) নিয়োগ দিচ্ছে। তারা প্রচারণা চালাচ্ছে, অপরাধ-সম্পর্কিত আইনে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। এই প্রচারণা সত্য নয় উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান আইনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। বিদ্যমান আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের যে সুযোগ আছে, আইন সংশোধনের মাধ্যমে তা বাতিলের দাবি জানান ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে যুদ্ধাপরাধের যে বিচার হয়েছে বা হচ্ছে, তাতে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। অনেকে মানবতাবিরোধী অপরাধের বিচারকে অন্যায় বিচার বলছে। যারা এসব বলছে, তাদের বলছি, যুদ্ধাপরাধের বিচার যদি অন্যায় হয়, তবে আমরা এ অন্যায়টুকু করতে রাজি আছি।’ তার আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এরপর ম. হামিদের সঞ্চালনায় কমিটির নারীনেত্রীদের শপথ পাঠ করান সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার এবং নেত্রীদের পরিচয় করিয়ে দেন ফোরামের মহিলাবিষয়ক সম্পাদক ফারজানা শাহ্নাজ মজিদ। অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ দ্রুত করার জন্য প্রতিটি জেলায় একটি করে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।নারী কমিটির সাধারণ সম্পাদক বুলবুল মহলানবিশ বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করেছেন বলে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। এই ভুল ধারণার নিরসনে নারী কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।