কোচিংয়ের টাকা পরিশোধ করতে না পারায় ফেনীর ঝালাইমিস্ত্রির সপ্তম শ্রেণীপড়ুয়া ছেলে মিরাজকে পিটিয়েছিলেন শিক্ষক। এতে বাকশক্তি হারিয়ে ফেলে শিশুটি। সরকার শিক্ষকের বেতন-ভাতা বন্ধ করে দেয়। তবে অভিযোগ পাওয়া গেছে, ওই শিক্ষক ভিটাছাড়া করেছেন ওই ছাত্রের পরিবারকে।
শিশু মিরাজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতনের শিকার একাধিক শিশুর পরিবার এলাকা ছেড়েছে। এসব ক্ষেত্রে শিক্ষকেরা নামমাত্র শাস্তি পান।
বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) হিসাবে গত তিন বছরে (২০১১-১৩) ২৪৫টি শিশু স্কুলে নির্যাতনের শিকার হয়। এর মধ্যে ছেলে ১৪১ জন, মেয়ে ১০৪ জন। এসব ক্ষেত্রে হস্তক্ষেপ করতে জাতীয় মানবাধিকার কমিশনকে অনুরোধ করেছে ব্লাস্ট।
২০১১ সালের ১৩ জানুয়ারি জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সু্কল এবং মাদ্রাসায় সব ধরনের শারীরিক শাস্তি নিষিদ্ধ ঘোষণা করে রায় দেন। ২১ এপ্রিল ২০১১ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করে এ-সংক্রান্ত নীতিমালা জারি করে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের উপপরিচালক সাধন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি স্কুলের শিক্ষককে বদলি বা সাময়িক বরখাস্ত করা হয়, বেসরকারি স্কুলের শিক্ষকের এমপিও স্থগিত করা হয়। এতে নির্যাতনের ঘটনা কমছে বলে তিনি দাবি করেন।
বিপন্ন জীবন: ফেনীর মিরাজ কালীদহ এস সি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। মিরাজের বাবা মনসুর মিয়া প্রথম আলোকে বলেন, ছেলে স্কুলের শিক্ষক লব কুমারের কাছে কোচিং করত। গত বছর তিন মাসের টাকা বাকি পড়ায় লব কুমার বেশ কিছুদিন ধরে মিরাজের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। ৩১ আগস্ট তুচ্ছ কারণে মিরাজকে বেদম মারধর করেন। মিরাজ বাকশক্তি হারিয়ে ফেলে।
মিরাজ এক মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিল। এখনো স্বাভাবিক হতে পারেনি। মনসুর মিয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষ বলছে, এলাকায় গেলে তাঁর ছেলের বিরুদ্ধে ইভ টিজিংয়ের মামলা দেওয়া হবে। মামলার ভয়ে মনসুর স্ত্রী-সন্তান নিয়ে নিজের এলাকায় যেতে পারছেন না।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, ‘মিরাজ জন্মগতভাবেই অসুস্থ। লব কুমার ষড়যন্ত্রের শিকার।’
আপস করেও এলাকাছাড়া: রাজধানীর শ্যামপুরে তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষিকা জেসমিনের বিরুদ্ধে ১৪টি শিশুকে খুন্তির ছেঁকা দেওয়ার অভিযোগ ওঠায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে জেসমিনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। শিশুদের একজন ছিল স্থানীয় মোহাম্মদ আবদুল জলিলের ছেলে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জলিল আসামির সঙ্গে আপস করে ফেলেছেন।
কদমতলীতে তালিমুল কুরআন মাদ্রাসাটি এখন বন্ধ। জেসমিনের স্বামী মাসুদুর রহমান আরেকটি মাদ্রাসা চালাচ্ছেন। জেসমিন বেগমের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর স্বামী মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সে (জেসমিন) শুধু শাসন করেছিল। আপনি কাজকর্ম করলে হাতে ফোসকা পড়ে না? সেই রকম একটু ফোসকা পড়ছিল।’
এলাকায় গিয়ে আবদুল জলিলকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানান, জলিল ঘটনার পর এলাকা ছেড়ে গেছেন।
আরামদায়ক শাস্তি: রাজধানীর ধানমন্ডি গার্লস স্কুলের শিক্ষক মঞ্জু আরার বিরুদ্ধে অভিযোগ ওঠে শতাধিক ছাত্রছাত্রীর জামা ও চুল কেটে দেওয়ার। ওই ঘটনায় স্কুল তিন সদস্যের একটি ও মাউশি আরেকটি কমিটি গঠন করে। প্রথমে শিক্ষককে কচুয়া শহীদ স্মৃতি স্কুলে বদলি করা হয়। ঘটনার সত্যতা প্রামাণিত হওয়ায় পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
মাউশি সূত্র জানায়, আট মাস পর তিনি চাকরিতে পুনর্বহাল হয়েছেন। তিনি কচুয়ার স্কুল থেকে বেতন তুলছেন, কাজ করছেন ঢাকার উত্তরার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সরকারি মডেল স্কুলে।
আপস হচ্ছে: গত বছর ১৪ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চে যাওয়ার অনুমতি চাইলে ক্যামব্রিয়ান স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। নির্যাতনের শিকার এক ছাত্র স্কুলের অধ্যক্ষ ও চেয়ারম্যান এম কে বাশারের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে। মাউশি তদন্ত কমিটি গঠন করে।
মাউশির মহাপরিচালক ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্তে লোক পাঠিয়েছিলাম। শিক্ষকরা মুখ খোলেননি। শিক্ষার্থীরা বলেছিল ঘটনা মিটে গেছে। তাই আমরা আর এগোয়নি।’
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রটি অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় তাঁদের আর কিছু করার ছিল না।
‘শাস্তি কাকে বলে শেখালেন শিক্ষক!’ শিরোনামে ২০১২ সালের ১৫ জানুয়ারি প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মাউশি থেকে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক জুলফিকার হোসেন নির্যাতিত শিক্ষার্থী আমিনুলের বাবার সঙ্গে আপস করেন।
চট্টগ্রামে সালেহ জহুর সিটি করপোরেশন কিন্ডারগার্টেন স্কুলে ছাত্র পেটানোর ঘটনায় এবং গাজীপুরে গোলাম নবী পাইলট স্কুলে বস্তা টানতে অস্বীকৃতি জানানোয় ছাত্রকে পেটানোর অভিযোগে অভিযুক্ত শিক্ষককে তিরস্কার করেই দায়িত্ব শেষ করেছে মাউশি।
সাতক্ষীরার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। সেই মেয়েটি স্কুল ছেড়ে অন্যত্র চলে গেছে।