নিলক্ষীয়া-দুরমুঠ সড়কে হেঁটেও চলা যায় না
জামালপুরের নিলক্ষীয়া-দুরমুঠ কাঁচা সড়কটি পাকা না হওয়ায় বকশীগঞ্জ, ইসলামপুর ও মেলান্দহ উপজেলার শত শত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই নয় কিলোমিটার সড়কে ছোট-বড় ১২টি সেতু নির্মাণ করা হলেও সড়কের কারণে সেগুলো কোনো কাজে লাগছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সঙ্গে ইসলামপুর উপজেলার সহজ যোগাযোগের জন্য নিলক্ষীয়া-দুরমুঠ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। মাটির এ সড়কে বর্ষায় হাঁটুসমান কাদাপানি ও অন্য সময়ে ধুলাবালির কারণে বাইসাইকেল, রিকশাভ্যান চলাচল করতে পারে না।বিগত কয়েক বছরে এ সড়কে ছোট-বড় ১২টি সেতু ও বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। অব্যবহূত সেতুগুলো নষ্ট হতে চলেছে। ২০০৫-০৬ অর্থবছরে প্রায় দুই কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত দশানি নদীতে সাঝিমারা সেতুর দুই পাশের সংযোগ সড়কটিও ধসে গেছে। সংযোগ সড়কটি নির্মাণের জন্য সম্প্রতি প্রায় ১৪ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। পণ্যবোঝাই গরু-মহিষের গাড়ি পণ্য নামিয়ে সেতু দিয়ে খালি গাড়ি পার করতে হয়। আবার ওপারে গিয়ে গাড়ি বোঝাই করতে হয়। সাঝিমারা গ্রামের কৃষক নূরল ইসলাম বলেন, ‘আস্তাডা পাকা কইরা দিলেই চলব। সাঝিমারা দশানি নদীর বিরিজ দিয়া মইশের গাড়িই পার অবার পায় না। ইসকা চলে না। এক আঠু ধুইলা অয়। বিষ্টির দিন কোনো মতেই চলাচল করন যায় না।’ একই গ্রামের মোশারফ হোসেন বাইসাইকেলে করে তেল বিক্রি করেন। তিনি বললেন, ‘দেহেন না সাইকেল নিয়া ঠেলি গেতাছি। কত কষ্ট। বষ্যে মসুমে সাইকেলও চালান যায় না। হাট-বাজার করা মুশকিল অয়া যায়।’জামালপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মীর্জা আবু তাহের প্রথম আলোকে জানান, নিলক্ষীয়া-দুরমুঠ সড়কটি পাকাকরণের প্রস্তাব রয়েছে। কিন্তু ওই রাস্তা মেরামত বা সংস্কারের জন্য বর্তমানে কোনো প্রকল্প তাঁদের কাছে নেই। তবে সাঝিমারা সেতুর সংযোগ সড়কটির নির্মাণকাজ শিগগিরই শুরু করা হবে।