
গ্রীষ্মের ছুটিতে গতকাল সোমবার বাড়িতে যাওয়ার কথা ছিল নিলয়ের। বাড়িতে তিনি গিয়েছেন ঠিকই। তবে গ্রীষ্মের ছুটিতে নয়, জীবন থেকেই ছুটি নিয়েছেন তিনি। লাশ হয়ে বাড়ি ফিরেছেন।
নিলয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পুরো নাম নিলয় মো. আজম (২২)। তিনি চট্টগ্রামের নাসিরাবাদের রহমাননগর আবাসিক এলাকার আবুল বাসারের ছেলে।
গতকাল জানাজা শেষে সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শেষবারের মতো তাঁকে চিরবিদায় জানান। পরে গ্রামের বাড়িতে তাঁর লাশ নিয়ে যাওয়া হয়।
গত রোববার নিলয় বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলিফও নিলয়ের সঙ্গে ওই দিন গোসল করতে গিয়েছিলেন।
আলিফ বলেন, ‘গোসল করতে গিয়ে হঠাৎ নিলয় ভাই পানিতে ডুবে যাচ্ছিলেন। তাঁর হাতটা দেখে আমি ছুটে গিয়েছিলাম। হাত ধরে টেনে তুলতে চেষ্টা করেছিলাম। এর মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছিল। তখন পানির নিচ থেকে উঠে এসে চিৎকার শুরু করি। চিৎকার শুনে কিছুক্ষণ পর কয়েকজন ছুটে আসেন। ততক্ষণে সব শেষ।’
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিলয়ের লাশের ময়নাতদন্ত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টর অধ্যাপক মো. রাশেদ তালুকদারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার সব লক্ষণ নিলয়ের শরীরে ছিল। তবু অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে নিলয়ের লাশ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বেলা সোয়া ১১টার দিকে হ্যান্ডবল মাঠে জানাজা হয়। জানাজা শেষে সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শেষবারের মতো তাঁকে একনজর দেখে নেন। এ সময় তাঁর সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।