নিলাম ছাড়াই সরকারি গাছ বিক্রি করে দিয়েছেন বন কর্মকর্তা
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া-শৌলা সড়কের পাশের অর্ধশতাধিক সরকারি গাছ নিলাম ছাড়াই উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা গোপনে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ঝড়ে বন বিভাগের লাগানো ওই গাছগুলো ভেঙে পড়ে।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী সরকারি এসব গাছ চিহ্নিত করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করতে হবে। অভিযোগ রয়েছে, নিয়ম উপেক্ষা করেই উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. রুহুল আমিন স্থানীয় কাঠ ব্যবসায়ী ফারুক হোসেনের কাছে ওই গাছগুলো বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি করাতকলে বন বিভাগের ওই গাছগুলো কেটে সাজিয়ে রাখতে দেখা গেছে। ওই করাতকলের মিস্ত্রি সোহরাব হোসেন বলেন, ফারুক নামের একজন কাঠ ব্যবসায়ী গাছগুলো তাঁদের মিলে নিয়ে এসেছেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত কাঠ ব্যবসায়ী ফারুকের এক ঘনিষ্ঠজন দাবি করেন, ঝড়ের সময় কিছু গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় গাছ কেটে পরিষ্কার করার পারিশ্রমিক হিসেবে বন কর্মকর্তা তাঁদের গাছগুলো দিয়ে দিয়েছেন। কী পরিমাণ গাছ এবং এর মূল্য কত হতে পারে, এমন প্রশ্ন করা হলে তিনি ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে কাঠ ব্যবসায়ী ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাঠ ব্যবসায়ী বলেন, ৯০ হাজার টাকায় ওই গাছগুলো ফারুক বন কর্মকর্তার কাছ থেকে কিনেছেন। তিনি আরও বলেন, ওই গাছগুলোর মূল্য কমপক্ষে দেড় লাখ টাকা হবে।
এ বিষয়ে জানার জন্য উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, কোনো অবস্থাতেই নিলাম ছাড়া সরকারি গাছ বিক্রি করা যাবে না।
পটুয়াখালীর উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।