নিলামবাজারে কাল থেকে চা বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা নিলামমূল্যের ওপর আরোপিত পাঁচ শতাংশ অগ্রিম আয়কর এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। চা বাগান মালিক ও চা ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল গতকাল রোববার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাক্ষাৎ করলে মন্ত্রী এ নির্দেশনা দেন। মন্ত্রীর এই নির্দেশনার ফলে আগামীকাল মঙ্গলবার থেকে চট্টগ্রামে চায়ের আন্তর্জাতিক সাপ্তাহিক নিলামবাজারে বেচাকেনা যথারীতি চলবে। বাড়তি করারোপের এ ঘটনা কেন্দ্র করে গত দুই সপ্তাহ পর পর চট্টগ্রামের নিলামবাজারে চা বেচাকেনা বন্ধ ছিল। জানা গেছে, চা বাগান মালিকদের সংস্থা বাংলাদেশি চা সংসদের সভাপতি সাফওয়ান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বেলা তিনটার দিকে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এই দলে অন্যান্যের মধ্যে ছিলেন সংসদের দুই সহসভাপতি আরদেশির কবির ও শাহ আলম, সাবেক চেয়ারম্যান লায়লা কবির, দুই সদস্য ওয়াহিদুল হক ও কামরান রহমান, ব্রোকার্সদের পক্ষে ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। বাংলাদেশ চা ব্যবসায়ী সমিতির (টিটিএবি) সহসভাপতি গোলাম মোস্তফা ও সদস্য মাহফুজুর রহমানও প্রতিনিধিদলে ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ও বোর্ড সদস্য (কর নীতিমালা) আমিনুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাফওয়ান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আমাদের বক্তব্য শোনার পর অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত এক মাস স্থগিত করার নির্দেশনা দেন। এই এক মাসের মধ্যে সরকার সবকিছু আরও ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে অগ্রিম আয়কর আরোপ কতটা যুক্তিসংগত, সে ব্যাপারে ঈদের পর সিদ্ধান্ত জানাবে। সেই পর্যন্ত অগ্রিম আয়কর প্রদান ছাড়াই সাপ্তাহিক নিলামবাজারে চা বেচাকেনা চলবে। প্রসঙ্গত, দেশের ১৬৩টি বাগানে বছরে উৎপাদিত প্রায় ছয় কোটি কেজি চা চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাপ্তাহিক নিলামবাজারের মাধ্যমে বিক্রি করা হয়। অগ্রিম আয়কর আরোপকে কেন্দ্র করে পরপর দুটি বাজারে বেচাকেনা বন্ধ থাকায় গোটা চা শিল্পে দেখা দিয়েছে মারাত্মক সংকট।