নিলেন মাদক ছাড়ার শপথ পেলেন রজনীগন্ধা-গোলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার ২৩৫ জন মাদকসেবী ও ব্যবসায়ী গতকাল শনিবার পুলিশের কাছে গিয়ে মাদক ছাড়ার শপথ করেছেন। এ সময় পুলিশের পক্ষ থেকে তাঁদের রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

এ উপলক্ষে সদর সার্কেল পুলিশ জেলা শহরে অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মাদক ছাড়ার অঙ্গীকার করা ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে পুলিশ পাঁচজনকে রিকশা, আটজনকে সেলাই মেশিন, তিনজনকে দুটি করে ছাগল এবং ১২ জনকে ক্ষুদ্র ব্যবসার পুঁজি হিসেবে চার হাজার করে টাকা দেয়।

পুলিশ জানায়, দ্বিতীয় দফায় আরও ২০ জনকে একটি করে সেলাই মেশিন–সহ দরজিবিজ্ঞান প্রশিক্ষণ দেওয়া হবে। এভাবে পর্যায়ক্রমে অন্যদেরও পুনর্বাসন করা হবে। পুলিশের পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা, আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট, স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) স্বাবলম্বী উন্নয়ন সমিতিসহ দানশীল ব্যক্তিরা এই কাজে সহযোগিতা করছেন। অঙ্গীকারকারী ব্যক্তিরা হলেন সদর উপজেলার ১৪০ জন, পূর্বধলার ৯৫ জন। তাঁদের মধ্যে প্রায় ৭০ জন নারী।

অনুষ্ঠানে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, অঙ্গীকারকারী ব্যক্তিদের মধ্যে যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁদের আইনি সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গতকাল সকালে ‘মাদককে না’, ‘আমরা এখন মাদকমুক্ত’, ‘আমরা আলোর যাত্রী’, ‘আমরা সবাই ভাই ভাই, নেশাখোরের ঠাঁই নাই’, ‘মাদককে ঘৃণা করুন, ভবিষ্যৎ জীবন সুন্দর করুন’, ‘নেশা ছেড়ে কর্ম করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ ইত্যাদি স্লোগানসংবলিত ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে জেলা কারাগারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে শহরের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে শহরের কুড়পাড় এলাকায় পুলিশ লাইন মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন এসপি জয়দেব চৌধুরী। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। মূল বিষয়ের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন। আলোচনা শেষে ‘মাদককে না বলার’ শপথ পাঠ করানো হয়।

এসপি জয়দেব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে নেত্রকোনা সদর সার্কেল এলাকায় শুরু করলেও পর্যায়ক্রমে পুরো জেলায় এ ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি এই পুনর্বাসন কর্মসূচিতে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদক ছাড়ার অঙ্গীকারকারী ব্যক্তিরা জীবনের করুণ ও ভয়াবহ গল্প শোনান। তাঁদের মধ্যে রয়েছে তানজিন জাহান, হুমায়ুন আহম্মেদ, আসাদুজ্জামান, সাকিবুর হাসান প্রমুখ। তাঁদের কারও এক টান, দুই টান করে সিগারেট, কারও ইয়াবা, কারও মদ-ফেনসিডিল, কারও ঘুমের বড়ি দিয়ে মাদক নেওয়া শুরু। পর্যায়ক্রমে তাঁরা হেরোইনের মতো ভয়াবহ নেশায় আসক্ত হন। এ কারণে অনেকের পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, গত ছয় মাসে অন্তত ১৫০ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করে পুলিশ। দেখা গেছে, জামিনে বেরিয়ে এসে অনেকে আবার একই অপরাধে জড়িয়ে পড়েন। মাদকের চক্র থেকে তাঁরা সহজে বের হতে পারেন না। তাঁদের কারও বিরুদ্ধে ১০-১২টি করেও মামলা আছে। তাই তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।