নীলাদ্রি হত্যায় গ্রেপ্তার দুজন ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার দুজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক শুক্রবার বিকেলে এই রিমান্ড মঞ্জুর করেন।

নীলাদ্রি হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার কাউছার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদারকে (২৯) পুলিশ আজ দুপুরে ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করে। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর মিরপুর ১০ নম্বর থেকে কাউছারকে এবং শ্যামপুরের দোলাইরপাড় থেকে কামালকে গ্রেপ্তার করা হয়।

৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজের বাসায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ব্লগার নীলাদ্রি। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা নাহিন ও মাসুদ রানা নামে দুজনকে ১৩ আগস্ট গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।