নিশরাতের স্বপ্নপূরণে মা-বাবাই বাধা!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নিশরাত সুলতানা (১৫)। সহপাঠীদের মতো তারও স্বপ্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া। এসএসসি পরীক্ষায় ভালো ফল করে সে মা-বাবার মুখ উজ্জ্বল করতে চায়। সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে চায় অনেক ওপরে। কিন্তু আজ সেই মা-বাবাই তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। তাঁরা ২৪ সেপ্টেম্বর নিশরাত সুলতানার বিয়ের আয়োজন করেছেন। কিন্তু নিশরাত এখন বিয়ে করতে রাজি নয়। সম্প্রতি নিশরাত সুলতানা তার সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষকদের কাছে এই অসম্মতির কথা জানিয়েছে। শিক্ষকেরা নিশরাতকে এই বয়সে বিয়ে না দেওয়ার জন্য তার বাবা-মাকে অনেক বুঝিয়েছেন। তাঁরা নিশরাতের মা-বাবাকে বাল্যবিবাহের খারাপ দিক ও আইনি সমস্যার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। কিন্তু তাঁরা নিশরাতকে বিয়ে দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন।শিক্ষকেরা জানান, রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর পৌর এলাকার মোস্তফা কামালের বড় মেয়ে নিশরাত সুলতানা। রাঙামাটির চন্দ্রঘোনার হাবিবুর রহমানের ছেলে ইকবাল হোসেনের (২৪) সঙ্গে নিশরাত সুলতানার বিয়ের সিদ্ধান্ত নেন তার মা নারগিস আকতার। স্ত্রীর বোনের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে খুব একটা খারাপ হবে না ভেবে নিশরাতের বাবাও এতে সম্মতি দেন। নিশরাত সুলতানা জানায়, সে এখন বিয়ে করতে চায় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, নিশরাত সুলতানা দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী। জন্মনিবন্ধনের সনদ অনুযায়ী নিশরাতের বয়স ১৫ বছর। বিয়ের বয়স হয়নি তার। নিশরাত সুলতানার মা নারগিস আকতার বলেন, ‘মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে তাই বিয়ে দেব।’ একই কথা বলেছেন নিশরাত সুলতানার বাবাও। ছেলের বাবা হাবিবুর রহমান বলেন, ‘মেয়ের বয়স একটু কম হলেও সেটা তেমন সমস্যা মনে করছি না।’রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। বিষয়টি শুক্রবার মেয়ের বাবা ও মাকে জানিয়ে দেওয়া হয়েছে। তবু তাঁরা যদি বিয়ে দেওয়ার উদ্যোগ নেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’