নিশা দেশাই ঢাকায়
তিন দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশে পৌঁছেছেন। খবর ইউএনবির।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিশা দেশাই বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, শ্রমিক ও পোশাক ব্যবসায়ী নেতা ও বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
নিশা দেশাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিশা দেশাই গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করবেন। কাল শনিবার তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।