এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারকে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার চেক ও তাঁর নামে একটি বাসা বরাদ্দ দিয়েছে।গতকাল মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে নিশাত মজুমদারকে উত্তরীয় পরিয়ে তাঁর হাতে চেক, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও অনুষ্ঠানের অন্য অতিথিরা। নিশাত মজুমদার ঢাকা ওয়াসার হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। এভারেস্ট বিজয়ের পর গতকাল নিশাত মজুমদারের কাজে যোগ দেওয়া উপলক্ষে ওয়াসা কর্তৃপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ওয়াসার অকারিগরি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকেও নিশাত মজুমদারকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়।অনুষ্ঠানে নিশাত মজুমদার ঢাকা ওয়াসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এভারেস্ট জয়ের মতো গ্রাহকসেবার এভারেস্টেও যাতে চড়তে পারেন, সে আশা ব্যক্ত করেন।জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে লাল-সবুজের পতাকা উড়িয়ে দিয়ে এসেছেন বাংলাদেশের মেয়ে নিশাত মজুমদার। সেজন্য আমরা সবাই গর্বিত।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রহমতুল্লাহ এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। অনুষ্ঠানে নিশাত মজুমদারের বাবা আবদুল মান্নান মজুমদার এবং মা আশুরা মান্নান ওয়াসা কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানান।