নিশানের পুষ্প নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের পাশে এই ফুটপাতটি ছিল আবর্জনায় ভরা। লোকজন সেখা​ে​ন মূত্রত্যাগ করত। জায়গাটি পরিষ্কার করে নিয়মিত ফুল ​বিছিয়ে দেন রিকশাচালক নিশান–ই হায়দার। এতে বন্ধ হয়েছে মূত্রত্যাগ। গত শনিবার বিকেলে ছবিটি তুলেছেন হাসান রাজা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের পাশে এই ফুটপাতটি ছিল আবর্জনায় ভরা। লোকজন সেখা​ে​ন মূত্রত্যাগ করত। জায়গাটি পরিষ্কার করে নিয়মিত ফুল ​বিছিয়ে দেন রিকশাচালক নিশান–ই হায়দার। এতে বন্ধ হয়েছে মূত্রত্যাগ। গত শনিবার বিকেলে ছবিটি তুলেছেন হাসান রাজা

ফুটপাত ঘেঁষে ফুল বিছানো। আবার গাছ ও খুঁটির সঙ্গে দড়ি-তার টানানো। তাতে ঝুলছে ফুলের মালা। হঠাৎ দেখলে মনে হবে কোনো অনুষ্ঠান শেষে পড়ে থাকা বাসি ফুল। সচেতনতামূলক বিভিন্ন লেখাসহ ছোট-বড় প্ল্যাকার্ড আছে। এ দৃশ্য ফুলার রোডের স্বাধীনতাসংগ্রাম ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের পরে পলাশীর মোড়ের বিভিন্ন জায়গা পর্যন্ত।

এসএম হলের গেটের দিকটা দুই মাস আগেও আবর্জনায় ভরপুর ছিল। মূত্রত্যাগ করা হতো অবাধে। সীমানাপ্রাচীর ঘেঁষে ফুটপাতও ছিল নোংরা। পথচারীদের চলতে হতো নাকে হাত দিয়ে। জায়গাটি এখন ফুলে ফুলে ভরা। দুর্গন্ধের বদলে বাতাসে ভাসছে সৌরভ। যিনি বদলে দিয়েছেন জায়গাটিকে, তাঁর নাম নিশান-ই হায়দার।

নিশান পেশায় রিকশাচালক। বসয় ৪৬ বছর। সারা দিন যাত্রী নিয়ে শহরে ছোটাছুটি করে রাতে চলে আসেন এসএম হলের সামনে। রাত কাটান তিন চাকার বাহনটিতে শুয়ে। তবে চারপাশের মলমূত্র ও আবর্জনার গন্ধে তাঁর ঘুমাতে কষ্ট হয়। নিষেধ করলেও মানুষ শুনত না। তিনি বলেন, ‘একদিন দেখি এক ভদ্রলোক আমার রিকশার পাশে প্রস্রাব করতেছেন। চাকা ভিজা গেছে।’

নিশানের মাথায় ঘুরতে থাকে, কীভাবে মলমূত্র ত্যাগ ও আবর্জনা ফেলা বন্ধ করা যায়। তাঁর নজরে এল শাহবাগের পাইকারি
ফুলের বাজারে প্রতিদিন প্রচুর ফুল ডাস্টবিনে ফেলা হয়। ফুল তো পবিত্র জিনিস। ছোট-বড় সব শ্রেণির মানুষ ভালোবাসে। যেই ভাবা
সেই কাজ।

গত বছরের নভেম্বরের শেষ দিকে নিশান শাহবাগ থেকে ফেলে দেওয়া ফুল রিকশায় করে নিয়ে আসেন। হলের গেটের সামনের ফুটপাত নিজেই পরিষ্কার করে ফুল বিছিয়ে দেন। সুফলও পেলেন। এরপর জায়গাটি কেউ নোংরা করেনি। ফুল শুকিয়ে গেলে শাহবাগ থেকে ফুল নিয়ে আসেন। হলের গেটের কাছ থেকে সীমানাপ্রাচীর ঘেঁষে এ ফুলেল পথ এখন পলাশীর মোড় পর্যন্ত এবং স্বাধীনতাসংগ্রাম ভাস্কর্যের মোড়ের কিছু অংশ। জায়গাটি নষ্ট না করার জন্য ছেঁড়া ব্যানার ও স্লেটে সুন্দর সুন্দর কথাও লিখেছেন তিনি। বিজয় দিবস, ইংরেজি নববর্ষসহ বিভিন্ন দিবস সামনে রেখে ফুল দিয়ে জায়গাটি সাজান। তিনি বলেন, ‘যে জায়গায় মানুষ প্রস্রাব-পায়খানা করত, সেখানে মানুষ এখন দাঁড়ায়া ছবি তুলে।’

গতকাল সোমবার ফুলার রোডে এস এম হলের গেটের কাছে কড়ইতলায় কথা হয় নিশান-ই হায়দারের সঙ্গে। বাড়ি ভোলা জেলায়। তবে ফুলার রোডই তাঁর ‘বর্তমান ঠিকানা’। প্রায় চার বছর ধরে রিকশা চালান। একসময় পোশাক কারখানায় কাজ করতেন। এরপর টুকিটাকি ব্যবসা, দোকান করেছেন, কিন্তু সুবিধা করে উঠতে পারেননি। বড় ছেলে নারায়ণগঞ্জে কাজ করেন, মেজ ছেলে মাদ্রাসায় পড়ে। আর ছোট ছেলেসহ স্ত্রী জয়পুরহাটে শ্বশুরবাড়িতে থাকেন। চতুর্থ শ্রেণির পরে তাঁর আর পড়া হয়নি। নিশানের নাম নিয়ে কৌতূহল হলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়ে জন্ম হওয়ায় বাবা নিশান রেখেছেন।

নিশান সাহায্য চান না। শহরটা সুন্দর থাকুক, পরিবেশ ভালো থাকুক—এটাই তাঁর চাওয়া। তিনি বলেন, ‘নিজের হাতে ময়লা সরাইছি, পরিষ্কার করছি। মানুষও সাপোর্ট দিছে। এখন অন্য কেউ ময়লা করলে মানুষ ধমক দেয়। ছাত্ররা বলে, “মামা, ভালো করছ।” শুইন্যা ভালো লাগে।’

এ এলাকায় কোনো পাবলিক টয়লেট নেই। তাঁর মতো খেটে খাওয়া মানুষের কষ্ট হয়। সিটি করপোরেশন টয়লেটের ব্যবস্থা করলে পরিবেশ ভালো হতো।

স্কুলশিক্ষার্থী সায়েম আহমেদ এই পথে নিয়মিত চলে। সায়েম বলে, ‘আগে গন্ধে যেতে কষ্ট হতো। এখন এই মামাকে মনে মনে কতবার যে ধন্যবাদ দেই।’

ফুলার রোড দিয়ে এস এম হলের দিকে গেলে কিছু অংশ এখনো পরিষ্কার করার বাকি। কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছে না নিশানের। একটু ভালো বোধ করলে পুরো জায়গা ফুলে ফুলে ভরিয়ে দেবেন তিনি। তাঁর মতে, এটা বিশ্ববিদ্যালয় এলাকা, পাশে স্কুল, স্বাধীনতা ভাস্কর্য, ভদ্রলোকদের চলাচল—এর পরিবেশ তো ভালো থাকা দরকার।