নিশিকান্তের দুঃখগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পাশে মাটির ঘর। ঘরের চাল প্রায় মাটি ছুঁয়েছে। ঘরের সামনে তিনটি শিশু বসে আছে। হাসছে, কাঁদছে, আবার কেউ চুল থেকে উকুন বেছে নিয়ে নখে পিষে মারছে। তাদের সঙ্গী জীর্ণশীর্ণ এক নারী। দেখে মনে হয়, শিশুরা খেলা করছে। এই তিনটি শিশুই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সঙ্গে থাকা নারী তাদের মা। তাঁর স্বামী নিশিকান্ত মণ্ডল।ঘূর্ণিঝড় আইলার আঘাতে এই পরিবারটি উদ্বাস্তু। কামারখোলা ইউনিয়নের কামারখোলা সড়কই এখন পরিবারটির আশ্রয়। নিশিকান্তর বয়স ৬৫। স্ত্রী বিনোদিনীর ৫৬। এই দম্পতির দুই ছেলে ও দুই মেয়ের প্রত্যেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। বড় মেয়েটি কিছুটা সুস্থ। বিয়ে হয়েছে তাঁর। স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতেই থাকেন।অসহায় দিনমজুর নিশিকান্তর পৈতৃক ভিটা ছিল কামারখোলার চান্নিরচক গ্রামে। অসুস্থ তিন সন্তানসহ স্ত্রীকে নিয়ে দৈনিক আধপেট খেয়ে কোনোমতে চলে যাচ্ছিল নিশিকান্তের দিন। পরিবারের সদস্যদের খাওয়া-পরা কিংবা চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে তাঁকে রীতিমতো হিমশিম খেতে হয়।২০০৯ সালের ২৫ মে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলার আঘাতে বিধ্বস্ত হয় খুলনা জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল। দাকোপ উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন ভেসে যায় বন্যার পানিতে। আশ্রয়হীন মানুষের ঠাঁই হয় ওয়াপদা বেড়িবাঁধে। নিশিকান্ত পাড়া-প্রতিবেশীর সহায়তায় সপরিবারে আশ্রয় নেন কামারখোলা সড়কে। তাঁর শেষ সম্বল ভিটেমাটি আইলার সময় গ্রাস করে নেয় কামারগোদা নদী। গৃহহারা নিশিকান্ত বলেন, ‘বড্ড বিপদে আছি গো দাদা। জায়গা-জমি নেই। ঘরবাড়ি নেই কিন্তু পেটের খিদের অভাব নেই। পেট খালি কয়, দেও দেও। পাব কনে।’বিনোদিনী বলেন, সরকারি সহায়তা তেমন কিছু মেলেনি। তাঁর স্বামী ইউনিয়ন পরিষদের (ইউপি) অধীনে ৪০ দিনের কর্মসূচিতে কাজ করেন। একজনের সামান্য আয়ে কি সংসার চলে? দুটো ভাতের টাকা জুটলেও তরিতরকারি তাঁদের ভাগ্যে নেই। খাবার না থাকলে ছেলেমেয়েরা অস্থির হয়ে ওঠে। ওরা অসুস্থ হলে সমস্যা আরও বেড়ে যায়। খাবারই জোটে না, ওষুধ কীভাবে জুটবে। হাড় জিরজিরে শরীরের বিনোদিনী কাঁদেন, ‘নদী জমিজমা সব খাইয়ে ফেলায়েছে। শুধু আমারে খাতি পারলে না। এই পাগল ছেলে-মাইয়ে নিয়ে আমি যাব কহানে। আমাগে দেহার কোনো লোক নেই।’শিক্ষার আলো নেই পরিবারটিতে। মায়ের কান্না দেখে প্রতিবন্ধী তিন সন্তান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে অপরাধীর মতো। বিনোদিনীর কষ্টের কারণ হয়তো তাদের অজানা। কিন্তু সুস্থ-স্বাভাবিক মানুষকে কি নাড়া দেবে এই কান্না?