বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে জবাবদিহি নিশ্চিত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করার নির্দেশনা রয়েছে।কিন্তু ২০০০ সালের পর থেকে সময়মতো বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের
স্বচ্ছতা ও জবাবদিহি আড়ালে থেকে যাচ্ছে।
সর্বশেষ ২০০৯-১০ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয় ২০১৩ সালের জুন মাসে। এরপর আর কোনো বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০০ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন সময়মতো প্রকাশ করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা দপ্তরের কর্মকর্তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, দপ্তর ও ইনস্টিটিউটগুলো সময়মতো বার্ষিক প্রতিবেদন জমা না দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সাময়িকী শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১-০২ থেকে ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রতিবেদনের কোনোটিই যথাসময়ে প্রকাশিত হয়নি। আর ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের পর আর কোনো শিক্ষাবর্ষের প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে প্রকাশনা দপ্তরের এক কর্মকর্তা বলেন, বার্ষিক প্রতিবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভাগ, দপ্তর, হল ও ইনস্টিটিউটগুলো সময়মতো তথ্য প্রদান করে না। তারা ২০১২-১৩ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদনের তথ্য এখন পর্যন্ত পুরোপুরি দিতে পারেনি। এ কারণে নিয়মিতভাবে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা দপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাদেকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমরা অনিয়মিত হয়ে যাওয়া প্রতিবেদনগুলো তৈরির উদ্যোগ নিয়েছি।
আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত দুটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে। আগামী বছরের জুনের মধ্যে বার্ষিক প্রতিবেদনের প্রকাশনা নিয়মিত করতে চেষ্টা করছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আগে থেকেই বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনিয়মিত হয়ে পড়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর একটি প্রকাশ করা হয়েছে।
প্রকাশনা দপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুতই বার্ষিক প্রতিবেদন নিয়মিতভাবে প্রকাশ করা সম্ভব হবে।’