নিশ্চিন্তপুরের খুদে ফুটবলারদের সংবর্ধনা
বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নিশ্চিন্তপুর রেজি. প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের খুদে খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। গতকাল সোমবার দুপুর দুইটায় সিলেট জেলা স্টেডিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় দলের প্রতি খেলোয়াড় ও কর্মকর্তাকে পাঁচ হাজার টাকা করে মোট এক লাখ পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড উপহার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন। ‘বঙ্গবন্ধু’ জয়ী খুদে খেলোয়াড়দের অনুষ্ঠানের শুরুতে বাদ্যযন্ত্র বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে মেয়র ফুল দিয়ে তাদের বরণ করেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী বিপুল করতালির মাধ্যমে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দিত করা হয়। সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে জৈন্তাপুর-গোয়াইনঘাটের সাংসদ ইমরান আহমদ ও সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী বক্তব্য দেন। গত ১৪ জানুয়ারি বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সিলেটের জৈন্তাপুর উপজেলার দুর্গম এলাকা নিশ্চিন্তপুর রেজি. প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।