নিশ্চিহ্ন হচ্ছে শহীদদের গণকবর
অযত্ন ও অবহেলার কারণে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বগুড়া শহরের একাত্তরের শহীদদের ছয়টি গণকবর, তিনটি কবর ও একটি বধ্যভূমি।
এর মধ্যে বগুড়া রেলস্টেশনসংলগ্ন গণকবর ও স্মৃতিস্তম্ভটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়। বেদখল হয়ে যাচ্ছে এই গণকবরটি। এ ছাড়া অযত্ন-অবহেলায় প্রায় নিশ্চিহ্ন করতোয়া নদীর তীরসংলগ্ন ফুলবাড়ি ও বেজোড়া ঘাট গণকবর, শহরদীঘি গণকবর, সাবগ্রাম গণকবর এবং জামিল নগরের জান-ই-শাবা হাউজিংসংলগ্ন গণকবর। সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় দখল আর দূষণে নারুলী বধ্যভূমিটিও এখন নিশ্চিহ্নের পথে। লোকচক্ষুর অন্তরালে অযত্ন-অবহেলায় রয়েছে শহরের রহমাননগরের শহীদ টিটু ও আজাদের কবর এবং সূত্রাপুরের শহীদ মাসুদের কবরটিও।
একাত্তর সালে পাকিস্তানি হানাদারবাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী এসব গণকবর ও বধ্যভূমি সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি জানানো হলেও কেউ সাড়া দিচ্ছে না।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান দাবি করেন, ‘শহরের এসব গণকবর ও বধ্যভূমি সংরক্ষণের দায় পৌরসভার নয়, গণপূর্ত অধিদপ্তরের।’
অন্যদিকে বগুড়া গণপূর্ত অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন আহমদ দাবি করেন, ‘শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর চিহ্নিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তা গণপূর্ত অধিদপ্তরকে দিয়ে সংস্কার ও সংরক্ষণের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। তবে ওই প্রকল্প তালিকায় বগুড়ার কোনো গণকবর নেই। “শহরের গণকবর সংরক্ষণের দায় গণপূর্ত অধিদপ্তরের”—এমন কথা বলে পৌর কর্তৃপক্ষ সম্ভবত নিজেদের দায় এড়াতে চাইছে।’
সরেজমিনে দেখা গেছে, বগুড়া রেলস্টেশনসংলগ্ন গণকবর এলাকা ও সেখানে ঢোকার রাস্তা দখল করে ১৫টির মতো বস্তিঘর তৈরি করা হয়েছে। এ ছাড়া সেখানে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বগুড়া সদর উপজেলা কমান্ডার আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে শহরের সূত্রাপুর এলাকার বহু নিরীহ মানুষকে ধরে এনে স্টেশনসংলগ্ন ওই জায়গায় বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। পরে সবাইকে একসঙ্গে এখানে গণকবর দেওয়া হয়। এই গণকবরটি একাত্তরের পাকিস্তানি বাহিনীর বর্বরতার নীরব সাক্ষী। এটি সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সেই দাবির পরিপ্রেক্ষিতে ২০০৫ সালে গণকবরটিতে একটি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। আর গণকবরে প্রবেশের জন্য নির্মাণ করে দেওয়া হয় প্রশস্ত একটি রাস্তা। কিন্তু তদারকির অভাবে অল্পদিনেই গণকবরের জায়গাসহ প্রবেশ পথটি দখল করে সেখানে ঘর নির্মাণ করে দখলদারেরা।
গণকবর ঘেঁষে পৌরসভার ময়লা-আবর্জনার স্তূপ ফেলায় দুর্গন্ধে সেখানে টেকা যায় না। চলে নেশা সেবনসহ অসামাজিক কার্যকলাপ। অবৈধ দখলদারদের উচ্ছেদসহ গণকবরটি সংরক্ষণের জন্য আবার প্রশাসন ও রেলওয়ের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।’
রেলওয়ে বগুড়ার ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো মোকাররম হোসেন প্রথম আলোকে বলেন, গণকবরের ওই জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীপাড়ের গণকবরটি চেনার কোনো উপায় নেই। স্থানীয় তিন-চার ব্যক্তি জানান, বেশির ভাগ অংশ করতোয়া নদীতে বিলীন হয়েছে। নদীর তীরসংলগ্ন এলাকা থেকে নির্বিচারে বালু উত্তোলনের কারণে এ অবস্থা হয়েছে। বালু উত্তোলন বন্ধ না করলে শিগগিরই গণকবরটি নদীতে বিলীন হয়ে যাবে।
বগুড়া শহরের নারুলী এলাকার বধ্যভূমিটি এখন জলাশয়। শহরের বাসিন্দাদের বর্জ্য-আবর্জনায় দুর্গন্ধে সেখানে টেকা দায়। সংরক্ষণের অভাবে এটি এখন নিশ্চিহ্ন হওয়ার পথে। একইভাবে অযত্ন-অবহেলায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে শহরের অন্য গণকবর ও শহীদদের কবরগুলো।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, রেলস্টেশনসংলগ্ন এলাকার বধ্যভূমিতে ময়লা-আবর্জনা ফেলানোর বিষয়টি এত দিন পৌরসভার নজরে আসেনি। শিগগিরই সেখান থেকে ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়া হবে। তবে ফুলবাড়ি, নারুলীসহ পৌর এলাকার অন্য গণকবরগুলো ঠিকই আছে বলে তিনি দাবি করেন।